মধ্যপ্রাচ্য যুদ্ধে ১২ বাংলাদেশির মৃত্যু, ফেরত আনা হয়েছে ১৮৬ জন
মধ্যপ্রাচ্য যুদ্ধে ১২ বাংলাদেশির মৃত্যু, ফেরত ১৮৬

জাতীয় সংসদে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, মধ্যপ্রাচ্য যুদ্ধে এখন পর্যন্ত ১২ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী (মনি)-এর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিনের সভাপতিত্বে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।

মৃত্যুর বিস্তারিত ও সহায়তা

প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য যুদ্ধে এ পর্যন্ত ১২ জন মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে ১ জনের লাশ সংশ্লিষ্ট দেশে দাফন করা হয়েছে এবং ৯ জনের লাশ দেশে ফেরত আনা হয়েছে। তাঁদের পরিবারকে লাশ দাফন বাবদ বিমানবন্দর থেকে ৩৫ হাজার টাকা এবং বিশেষ অনুদান হিসেবে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। মৃতদের মধ্যে লেবাননে ৫ জন, সৌদি আরবে ৩ জন, সংযুক্ত আরব আমিরাতে ২ জন, ইরাক ও বাহরাইনে ১ জন করে রয়েছেন।

ইরান থেকে ফেরত ও রাশিয়া পরিস্থিতি

মন্ত্রী আরও জানান, মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে ইরান থেকে ১২ জন নারী ও ৮ শিশুসহ ১৮৬ জনকে দেশে ফেরত আনা হয়েছে। অন্যদিকে, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মো. হাসান রাজীব প্রধানের প্রশ্নের জবাবে তিনি বলেন, গত ২৪ এপ্রিল ৩০ জন বাংলাদেশি কর্মী রিক্রুটিং এজেন্সির মাধ্যমে রাশিয়ায় যান। সেখানে পৌঁছানোর পর ওই কর্মীদের জোরপূর্বক যুদ্ধের জন্য প্রস্তুত করা হচ্ছে এবং ক্যাম্প থেকে যুদ্ধক্ষেত্রে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে—এমন তথ্য পাওয়ার পর সরকার ব্যবস্থা নেয়। গত ১৫ জুন রাশিয়ার মস্কোতে বাংলাদেশ দূতাবাসকে বিপদগ্রস্ত কর্মীদের উদ্ধার করে দেশে ফেরানোর চিঠি পাঠানো হয়। সর্বশেষ প্রাপ্ত তথ্যে ৩০ জনের মধ্যে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে বাকি কর্মীদের দেশে ফিরিয়ে আনার আশা করছে সরকার।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মালয়েশিয়ায় কর্মী প্রেরণ ও বিএমইটি তথ্য

মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য নাজমুল হুদার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য গত এপ্রিলে দেশটির উচ্চপর্যায়ের প্রতিনিধির সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী দেশটিতে সফর করেছেন। জুলাই মাসে মালয়েশিয়ার একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে। আশা করা যায়, অতি দ্রুত দেশটিতে বাংলাদেশি কর্মী পাঠানোর পথ সুগম হবে। কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আবদুল গফুরের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিএমইটির সার্ভারের তথ্যানুসারে ২০০৪ সাল থেকে গত ৩০ জুন পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বৈদেশিক কর্মসংস্থানের জন্য ১ কোটি ৯ লাখ ১৮ হাজার ৯ জন বাংলাদেশি গেছেন। তবে বৈদেশিক কর্মসংস্থান শেষে তাঁদের একটি বড় অংশ দেশে ফেরত এসেছেন। বিদেশফেরত এসব কর্মীর তথ্য না থাকায় বর্তমানে কর্মরত কর্মীর সঠিক সংখ্যা দেওয়া সম্ভব হচ্ছে না।

খাদ্য সংগ্রহ ও দুর্যোগে ক্ষতি

গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য আবদুল করিমের প্রশ্নের জবাবে খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারী বলেন, সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ও গম কেনে, কিন্তু ভুট্টা কেনে না। চলতি মৌসুমে প্রতি কেজি ৩৬ টাকা ধরে ৫ লাখ মেট্রিক টন ধান এবং ৫০ হাজার মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রার বিপরীতে ৫ জুলাই পর্যন্ত ২ লাখ ৯২ হাজার ৯১০ মেট্রিক টন ধান, ৭ লাখ ৯৭ হাজার ৫৭৮ মেট্রিক টন সেদ্ধ চাল, ৫৭ হাজার ৯৯ টন আতপ চাল ও ৫২৩ মেট্রিক টন গম সংগ্রহ করা হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত সংগ্রহ চলমান থাকবে। সংরক্ষিত নারী আসনে জামায়াতের দলীয় সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২১-২৫ সাল পর্যন্ত বন্যা ও ঘূর্ণিঝড়ে ২৪৯ জন নিহত হয়েছেন। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১ কোটি ৭৭ লাখ ৩৪ হাজার ৫৩২ জন। মোট ক্ষতির পরিমাণ ৪১ হাজার ২০০ কোটি ৯০ লাখ ৪২ হাজার ১৯৯ টাকা।