সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ ও বসবাসের প্রক্রিয়া সহজ ও সুসংহত করতে ২০২৬ সালে ভিসা নিয়মে ছয়টি বড় পরিবর্তন আনা হয়েছে। ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) এবং দুবাইয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে এই পরিবর্তনগুলি কার্যকর করা হয়েছে।
অন-অ্যারাইভাল ভিসার যোগ্যতা বৃদ্ধি
প্রথম বড় পরিবর্তনটি অন-অ্যারাইভাল ভিসার ক্ষেত্রে। আইসিপি ১৪ দিন এবং ৬০ দিন মেয়াদী ইউএই এন্ট্রি ভিসার যোগ্যতা বাড়িয়েছে। আগে এই সুবিধা শুধু ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য ছিল, কিন্তু এখন ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া এবং দক্ষিণ আফ্রিকার নাগরিকরাও এর আওতাভুক্ত হয়েছেন। এছাড়া যোগ্য আবেদনকারীদের বসবাসের দেশের তালিকায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং কানাডাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
দ্রুত পর্যটন ভিসা
পর্যটকদের জন্য সুখবর এনেছে জেনারেল ডিরেক্টরেট অফ আইডেন্টিটি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স। দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী পর্যটকরা অনুমোদিত পর্যটন অফিসের মাধ্যমে আবেদন করলে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে এককালীন প্রবেশাধিকার সংবলিত পর্যটন ভিসা পাচ্ছেন, যার মেয়াদ ৩০ থেকে ৬০ দিন পর্যন্ত।
সম্পত্তি-লিঙ্কড রেসিডেন্সি শিথিল
আবাসন খাতের বিনিয়োগকারীদের জন্য দুই বছরের সম্পত্তি-লিঙ্কড রেসিডেন্সি পারমিটের শর্তে বড় সংশোধন এনেছে দুবাই কর্তৃপক্ষ। নতুন নিয়মে একক বিনিয়োগকারীদের জন্য আগের ন্যূনতম ৭,৫০,০০০ দিরহামের সম্পত্তির মূল্যের বাধ্যবাধকতা বাতিল করা হয়েছে, তবে আবেদনকারীকে সম্পত্তির একমাত্র মালিক হতে হবে। যৌথ মালিকানাধীন সম্পত্তির ক্ষেত্রে প্রতিটি অংশীদারের শেয়ারের মূল্য কমপক্ষে ৪,০০,০০০ দিরহাম হতে হবে।
ওভারস্টে জরিমানা মওকুফের শেষ সময়
ওভারস্টে জরিমানার সাময়িক ছাড়ের মেয়াদ শেষ হচ্ছে। আঞ্চলিক আকাশসীমা বন্ধ ও ফ্লাইট বিপর্যয়ের কারণে দর্শনার্থীদের সাময়িক জরিমানা থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। আইসিপি ৩০ দিনের বিশেষ সময়সীমা ঘোষণা করেছে, যার মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের আগামী ৯ জুলাইয়ের মধ্যে ভিসার মর্যাদা বৈধ করতে হবে অথবা আমিরাত ত্যাগ করতে হবে।
স্মার্ট মেডিকেল ভিসা
চিকিৎসা খাতের উন্নয়নে দুবাইয়ে ‘স্মার্ট মেডিকেল ভিসা’ চালু করা হচ্ছে। জিডিআরএফএ এবং দুবাই হেলথ অথরিটি যৌথভাবে এই ব্যবস্থা চালু করছে, যার লক্ষ্য মেডিকেল ট্যুরিস্টদের জন্য ভিসা, রেসিডেন্সি ও স্বাস্থ্যসেবাকে একটি নির্বিঘ্ন প্রক্রিয়ায় আনা।
ইবোলা-আক্রান্ত দেশের জন্য ভিসা স্থগিত
জনস্বাস্থ্য সুরক্ষায় ইবোলা ভাইরাসের বিস্তার রোধে নির্দিষ্ট দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা ইস্যু সাময়িক স্থগিত করেছে আমিরাত। ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ও আইসিপির সিদ্ধান্ত অনুযায়ী, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানের নাগরিকদের জন্য এই নিয়ম কার্যকর করা হয়েছে, যা পরিস্থিতি বিবেচনায় বাড়ানো হতে পারে।
সূত্র: খালিজ টাইমস।



