মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে তেঁতুলিয়া-টেকনাফ রোডমার্চ
মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে রোডমার্চ

মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে তেঁতুলিয়া-টেকনাফ রোডমার্চ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত রোডমার্চ শুরু করেছেন আলোচিত মোহাম্মদ হানিফ, যিনি হানিফ বাংলাদেশি নামেও পরিচিত। পথিমধ্যে তেঁতুলিয়া থেকে তার সঙ্গে আসা রোডমার্চকারীরা দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

রবিবার (১৪ জুন) সকাল সাড়ে ১০টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সমতা পার্টির সভাপতি হানিফ বাংলাদেশির সঙ্গে তার দলের কমরেড মুশফিক বরাত, সাকিল আল হাসান, মুকুল হোসেন ও রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন।

হানিফ বাংলাদেশি জানান, প্রতিদিন কমপক্ষে তিনটি জেলায় তিনি রোডমার্চ কর্মসূচিতে জনগণকে সম্পৃক্ত করতে এবং সচেতন করতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করবেন। আগামী ১৮ জুন কক্সবাজার জেলার টেকনাফে এই রোডমার্চ কর্মসূচি শেষ করার কথাও জানান তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দিনাজপুরে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে জাতীয় স্বার্থবিরোধী মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবি জানানো হয়। একইসঙ্গে দেশে দুর্নীতি, চাঁদাবাজি, জুলুম, অরাজকতা ও দখলবাজি বন্ধের জন্য সরকারের কাছে আহ্বান জানানো হয় এবং এসব ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হানিফ বাংলাদেশি বলেন, এই গোলামি চুক্তির ফলে ১৮ কোটি মানুষ আমেরিকার গোলামে পরিণত হবে। এই চুক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী। এই চুক্তি কার্যকর হলে বাংলাদেশের মানুষ ক্ষতির সম্মুখীন হবে। আন্তর্জাতিক বাজার দরের চেয়ে বেশি মূল্যে সয়াবিন, তুলা, গম, কৃষিজাত পণ্য, বোয়িংসহ বিভিন্ন পণ্য কিনতে হবে। মুক্ত বাজার অর্থনীতির যুগে এই চুক্তির ফলে আমেরিকার অনুমোদন ছাড়া কোনো পণ্য কেনা যাবে না। বাংলাদেশের বাজারে যুক্তরাষ্ট্রের ৬৭১০টি পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে, বিপরীতে বাংলাদেশের মাত্র ১৬৩৮টি পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে। চুক্তি অনুযায়ী, মার্কিন বাণিজ্যস্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো দেশ থেকে বাংলাদেশ কোনো পণ্য কিনতে পারবে না।

তিনি আরও বলেন, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে চাই, কোনো দেশের গোলাম হতে চাই না। এ জন্য রোডমার্চ কর্মসূচি করে জনগণকে চুক্তির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, হানিফ বাংলাদেশি এর আগে ভোটাধিকারের দাবিতে পদযাত্রা, সীমান্তে বাংলাদেশিদের হত্যার প্রতিবাদে প্রতীকী মরদেহ নিয়ে পদযাত্রা, দুর্নীতির বিরুদ্ধে ৬৪ জেলার প্রশাসকদের কাছে স্মারকলিপি প্রদান, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠাসহ বিভিন্ন জনস্বার্থমূলক ইস্যুতে নানা কর্মসূচি পালন করেছেন। তিনি নোয়াখালীর জাহানাবাদ গ্রামের আব্দুল মান্নানের ছেলে। বর্তমানে তিনি রাজনীতির পাশাপাশি একটি ব্যবসা পরিচালনা করেন।