আন্তর্জাতিক অপরাধী চক্র লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের এক শীর্ষ সদস্য ফ্রান্সে গ্রেফতার হয়েছেন। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) শুক্রবার জানায়, গরিন্দর দেব নামের ওই গ্যাংস্টারকে ফ্রান্স থেকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমে কানাডায় আনা হবে।
গরিন্দর দেবের ভূমিকা ও পরিচয়
মার্কিন বিচার বিভাগের অভিযোগপত্র অনুযায়ী, ৪০ বছর বয়সি গরিন্দর দেব ‘ডক্টর’, ‘রকেট’ এবং ‘রিটজ কার্লটন’ নামেও পরিচিত। তিনি লরেন্স বিষ্ণোইয়ের অপরাধমূলক নেটওয়ার্ককে বিপুল আর্থিক সহায়তা দিতেন এবং দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে কোকেন ও হেরোইন পাচারে জড়িত ছিলেন। ২০২৫ সালের জুনে প্রায় ৯৯.২ কেজি কোকেন এবং ১ কেজি হেরোইনের একটি চালান আটকের ঘটনায় তার নাম জড়িয়ে পড়ে।
কানাডায় কপিল শর্মার ক্যাফেতে গুলি
এই গ্রেফতারি কানাডায় কৌতুক অভিনেতা কপিল শর্মার ক্যাফের বাইরে গুলিবর্ষণের ঘটনার সূত্র ধরে হয়েছে। কানাডার সারে এলাকায় ওই ঘটনায় ব্যবহৃত অস্ত্র লুকাতে সাহায্যের অভিযোগে জশানদীপ সিং নামের আরেক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে কানাডিয়ান পুলিশ। তাকে দেশ থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি ট্রাইব্যুনাল। জশানদীপ ২০২২ সালে স্টুডেন্ট ভিসায় কানাডায় এসেছিলেন এবং সব অভিযোগ অস্বীকার করেছেন। এর আগে আর্শদীপ সিং নামের আরেক সদস্যকেও কানাডা থেকে বহিষ্কার করা হয়।
বিশ্বব্যাপী সাঁড়াশি অভিযান
যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও কানাডায় এই ধারাবাহিক অভিযান লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের আন্তর্জাতিক নেটওয়ার্ক ধ্বংসের একটি বড় প্রচেষ্টার অংশ। চলতি সপ্তাহের শুরুর দিকে ভারত-ভিত্তিক এই চক্রকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপজুড়ে ২৪ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। সিন্ডিকেটটি সাম্প্রতিক বছরগুলোতে খুন, মাদক পাচার, চাঁদাবাজি ও আন্তঃসীমান্ত সহিংসতার অভিযোগে অভিযুক্ত। এই অভিযানকে তাদের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।



