পাকিস্তানে আসন্ন ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। দেশটির চাঁদ দেখা–সংক্রান্ত গবেষণা সংস্থা রুয়েত-ই-হিলাল রিসার্চ কাউন্সিল বৈজ্ঞানিক বিশ্লেষণের ভিত্তিতে জানিয়েছে, আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হতে পারে। শনিবার (২ মে) প্রকাশিত এক প্রতিবেদনে পাকিস্তানি গণমাধ্যম এআরওয়াই নিউজ এ তথ্য জানিয়েছে।
চাঁদ দেখার বৈজ্ঞানিক বিশ্লেষণ
রিসার্চ কাউন্সিলের তথ্যমতে, ১৬ ও ১৭ মে মধ্যবর্তী রাতে ১টা ১৫ মিনিটে নতুন চাঁদের উদ্ভব হবে। ১৭ মে সূর্যাস্তের সময় চাঁদের বয়স ১৮ ঘণ্টার বেশি থাকবে। আবহাওয়া অনুকূলে থাকলে ওই দিন সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে। যদি ১৭ মে চাঁদ দেখা যায়, তবে ১৮ মে জিলহজ মাসের প্রথম দিন হবে এবং ১০ জিলহজ, অর্থাৎ ২৭ মে দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে।
পাকিস্তান ও সৌদি আরবে একই দিনে ঈদ
গবেষণা কাউন্সিলের সেক্রেটারি জেনারেল খালিদ এজাজ মুফতি জানিয়েছেন, বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী এবার পাকিস্তান ও সৌদি আরবে একই দিনে ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, ১৭ মে করাচি ও পেশোয়ারসহ বিভিন্ন শহরে সূর্যাস্তের পর প্রায় ৫৫ থেকে ৬৩ মিনিট পর্যন্ত চাঁদ দৃশ্যমান থাকতে পারে, যা খালি চোখে দেখার জন্য যথেষ্ট সময়। তবে চাঁদ দেখা পুরোপুরি আবহাওয়ার ওপর নির্ভরশীল।
যদি চাঁদ না দেখা যায়
যদি ওই দিন চাঁদ দেখা না যায়, তাহলে জিলকদ মাস ৩০ দিনে পূর্ণ হবে। সেক্ষেত্রে জিলহজ মাস শুরু হবে ১৯ মে এবং ঈদুল আজহা একদিন পিছিয়ে ২৮ মে পালিত হতে পারে। সব কিছুই শেষ পর্যন্ত চাঁদ দেখার ওপর নির্ভর করছে।



