হরমুজ প্রণালিতে স্থবির হয়ে পড়া জাহাজ চলাচল স্বাভাবিক করতে একটি নতুন আন্তর্জাতিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। ‘মেরিটাইম ফ্রিডম কনস্ট্রাক্ট’ (এমএফসি) নামের এই জোটে যোগ দিতে অন্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।
জোটের মূল কাজ কী হবে?
মার্কিন পররাষ্ট্র দফতরের একটি অভ্যন্তরীণ বার্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত এই জোটের মূল কাজ হবে তথ্য আদান-প্রদান করা, কূটনৈতিক সমন্বয় বাড়ানো এবং নিষেধাজ্ঞা কার্যকর করতে সহায়তা করা।
মার্কিন দূতাবাসে পাঠানো বার্তা
মার্কিন দূতাবাসগুলোতে পাঠানো ওই বার্তায় বলা হয়েছে, আপনাদের অংশগ্রহণ নৌ-চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধার এবং বিশ্ব অর্থনীতি রক্ষায় আমাদের সম্মিলিত সক্ষমতাকে শক্তিশালী করবে। হরমুজ প্রণালিতে ইরানের প্রতিবন্ধকতা সৃষ্টির বিপরীতে ঐক্যবদ্ধ অবস্থান প্রদর্শন এবং অর্থবহ ব্যবস্থা গ্রহণের জন্য সম্মিলিত পদক্ষেপ জরুরি।
সামরিক ও কূটনৈতিক অংশীদারিত্ব
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, মার্কিন কূটনীতিকদের নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন অন্য দেশগুলোর কাছে জানতে চান যে তারা এই উদ্যোগে ‘কূটনৈতিক নাকি সামরিক অংশীদার’ হিসেবে যোগ দিতে আগ্রহী কি না। এই মিশনটি যৌথভাবে পরিচালনা করবে মার্কিন পররাষ্ট্র দফতর এবং ইউএস সেন্ট্রাল কমান্ড।
অন্যান্য নিরাপত্তা টাস্কফোর্সের পরিপূরক
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, এমএফসি অন্য নিরাপত্তা টাস্কফোর্সগুলোর পরিপূরক হিসেবে কাজ করবে। বিশেষ করে যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বাধীন সামুদ্রিক পরিকল্পনাগুলোর সঙ্গে এটি সমন্বয় করে চলবে।



