অফিসে টানা ৮-৯ ঘণ্টা চেয়ারে বসে কাজ করলে শরীরের মারাত্মক ক্ষতি হয়। বিশেষ করে নিতম্বের পেশি অসাড় হয়ে যায় এবং ‘অফিস চেয়ার বাট সিনড্রোম’ নামক সমস্যা দেখা দেয়। এই সমস্যা থেকে বাঁচতে যোগাসনের একটি সহজ পদ্ধতি রয়েছে, যা চেয়ারে বসেই করা যায়। এর নাম ‘সিটেড হিপ সার্কল’।
কীভাবে করবেন সিটেড হিপ সার্কল?
প্রথমে পিঠ টানটান রেখে চেয়ারে সোজা হয়ে বসুন। মাথা ও ঘাড় সোজা রাখুন। দুই হাত ঊরুর ওপর রাখুন। এবার চেয়ারের সামনের দিকে কিছুটা এগিয়ে আসুন। হাঁটু সোজা রেখে ডান পা সামনের দিকে যতটা সম্ভব বাড়িয়ে দিন। এই অবস্থানে ডান পা ধীরে ধীরে ঘড়ির কাঁটার দিকে ঘোরাতে থাকুন, যাতে নিতম্বের পেশিতে টান পড়ে। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখুন। ৫-৭ বার ঘোরানোর পর ডান পা সোজা করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে একই সংখ্যক বার ঘোরান। একইভাবে বাঁ পায়ে আসনটি করুন।
উপকারিতা
এই ব্যায়াম নিয়মিত করলে পা, কোমর ও নিতম্বের পেশির স্ট্রেচিং হয়। দীর্ঘক্ষণ বসে থাকার কারণে কোমরে ব্যথা হলে এটি উপকারী। সায়াটিকার ব্যথা সারাতে এবং কাফ মাসল শক্তিশালী করতেও এটি কার্যকর। গোড়ালির ব্যথা কমে এবং শরীরের নিম্নাংশের মেদ কমাতে সাহায্য করে।
যাদের করা উচিত নয়
আর্থ্রাইটিসের ব্যথা থাকলে বা হাঁটুতে অস্ত্রোপচার করা থাকলে এই আসনটি করা উচিত নয়। এতে ক্ষতি হতে পারে।



