ফুটবল খেলে পুলে গোসল করতে নেমে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
ফুটবল খেলে পুলে গোসল করতে নেমে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

রাজধানীর ডেমরার কোনাপাড়ায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলে সুইমিংপুলে গোসল করতে নেমে এইচএসসি পড়ুয়া মো. সাকিব হোসেন (১৮) পানিতে ডুবে মারা গেছেন। তিনি দনিয়া কলেজের চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। রবিবার (৩ মে) দুপুর সাড়ে বারোটার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

ঘটনার বিবরণ

মৃতের বন্ধু ইফাত পাটোয়ারী জানিয়েছেন, তাদের এলাকার প্রায় ১৬ জন বন্ধু মিলে ৩২০০ টাকায় ডেমরা কোনাপাড়ায় মাঠসহ সামসি স্পোর্টস গ্যালারির সুইমিংপুল স্পট ভাড়া নিয়েছিলেন। মাঠে ফুটবল খেলাধুলা শেষে সবাই সুইমিংপুলে গোসল করতে নামেন। এর মধ্যে পেছন থেকে সাকিব পানিতে তলিয়ে যায়।

পরে তাকে দেখতে পেয়ে সুইমিংপুলের কর্তৃপক্ষের লোকজনের সহযোগিতায় সবাই মিলে অচেতন অবস্থায় উদ্ধার করেন। প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে সেখান থেকে দুপুর ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিবারের বক্তব্য

মৃতের বাবা আরিফ আলী বলেন, “সকাল ৯টার দিকে ছেলে বাসা থেকে বন্ধুদের সঙ্গে খেলাধুলার কথা বলে বের হয়েছিল, পরে দুপুরে সংবাদ পাই সাকিব সুইমিংপুলের পানিতে ডুবে গিয়েছিল। তাকে উদ্ধার করা হয়েছে, তবে জ্ঞান ফেরেনি।” মৃতের বাবা আরও জানান, তার ছেলে সাকিব সাঁতার জানতো না।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

পরিচিতি

উল্লেখ্য, মৃত সাকিব কদমতলীর দনিয়া বড়বাড়ি এলাকার স্থানীয় বাসিন্দা ইলেকট্রিক মিস্ত্রি আরিফ আলীর একমাত্র ছেলে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ