ঠাকুরগাঁওয়ে বাথরুমে সাপের কামড়ে যুবকের মৃত্যু
ঠাকুরগাঁওয়ে বাথরুমে সাপের কামড়ে যুবকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সাপের কামড়ে ক্ষিতিশ চন্দ্র রায় (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার হাটপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হরিপুর থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে। মঙ্গলবার পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

নিহতের পরিচয় ও ঘটনার বিবরণ

মৃত ক্ষিতিশ চন্দ্র রায় উপজেলার হাটপুকুর গ্রামের বিক্রম রায়ের ছেলে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাতের খাবার শেষ করে নিজ শয়নকক্ষের পাশে বাথরুমে যান ক্ষিতিশ চন্দ্র রায়। বাথরুম থেকে ঘরে ফিরে রাত ১২টার দিকে তিনি তার মা মালা রানীকে জানান যে বাথরুমে তাকে একটি বিষাক্ত সাপ কামড় দিয়েছে। এ সময় তার মায়ের চিৎকারে পরিবারের অন্য সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসেন।

চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

পরে রাত ১টার দিকে ক্ষিতিশকে একটি অটোরিকশায় করে দ্রুত বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই কর্তব্যরত চিকিৎসক ক্ষিতিশকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল থেকে স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে আসেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

হরিপুর থানার পরিদর্শক (তদন্ত) মুহ. শরীফুল ইসলাম মঙ্গলবার জানান, সাপের কামড়ে যুবকের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ