ময়মনসিংহ মেডিকেলে হামে ২৪ ঘণ্টায় চার শিশুর মৃত্যু, তদন্ত কমিটি গঠন
২৪ ঘণ্টায় হামে চার শিশুর মৃত্যু, তদন্তে কমিটি

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হাম উপসর্গে ২৪ ঘণ্টায় চার শিশুর মৃত্যুর ঘটনার কারণ জানতে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কমিটিকে মৃত্যুর যথাযথ কারণ ও করণীয় বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কমিটির সদস্য ও দায়িত্ব

মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. খোরশেদুল আলমকে কমিটির আহ্বায়ক এবং ডা. ওমর ফারুককে সদস্যসচিব করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. আখতারুজ্জামান ও কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. শরিফ উদ্দিন পাঠান।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চলতি বছরে হাম দেখা দেওয়ার পর থেকে গত ২৪ ঘণ্টায় চারজন শিশুর মৃত্যু হয়েছে। এর আগে এত শিশুর একদিনে মৃত্যু হয়নি। এ কারণেই মৃত্যুর কারণ জানতে হাসপাতাল পরিচালকের নির্দেশে একটি কমিটি গঠন করা হয়েছে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মৃত শিশুদের বিবরণ

হাসপাতালের ফোকাল পারসন ডা. ঝন্টু সরকার জানান, ময়মনসিংহের হালুয়াঘাটের শাপলা বাজার থেকে আসা চার মাসের এক মেয়ে শিশুকে গত ১৮ জুন আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়। নেত্রকোনার কলমাকান্দা থেকে আসা চার মাসের এক ছেলে শিশু গত ১৬ জুন হাসপাতালে ভর্তি হয় এবং শুক্রবার বিকেলে মারা যায়। ময়মনসিংহের ফুলপুরের পলাশকান্দা গ্রাম থেকে আসা তিন মাসের এক ছেলে শিশুকে শুক্রবার সকালে ভর্তি করা হয় এবং সন্ধ্যায় তার মৃত্যু হয়। সুনামগঞ্জ সদরের মদনপুর গ্রাম থেকে আট মাসের এক মেয়ে শিশুকে ৮ জুন ভর্তি করা হয়েছিল; সে গত রাতে মারা যায়।

মৃত শিশুরা হাম উপসর্গ ছাড়াও নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্ত ছিল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বর্তমান পরিস্থিতি

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় চার শিশুর মৃত্যু হয়। এ নিয়ে এখন পর্যন্ত এ হাসপাতালে শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫৮ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ৯৪ শিশু চিকিৎসাধীন আছে।