গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে একজন এবং হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ৫৪ দিনে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৩। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ২৮৫টি শিশুর মৃত্যু হয়েছে, আর ৫৮টি শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। একইসঙ্গে এ সময়ে নতুন করে ২৮২ জনের শরীরে ভাইরাসজনিত ছোঁয়াচে এই রোগ শনাক্ত হয়েছে। শুক্রবার (৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
বিভাগভিত্তিক মৃত্যুর সংখ্যা
বুলেটিনে বলা হয়েছে, এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ১৩২ জন ঢাকা বিভাগে মারা গেছে; আর ৭৮ জন রাজশাহী বিভাগের। এছাড়া অন্যান্য বিভাগেও মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় ১ হাজার ২১২ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছে; যাদের মধ্যে ৯৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টার মৃত্যুর বিবরণ
জানা যায়, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে যে সাত শিশুর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ৩ শিশু সিলেট বিভাগের। এছাড়া ঢাকায় ২টি এবং খুলনা ও বরিশালে বিভাগে ১টি করে শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাসপাতাল থেকে ৯১৪ জন ছুটি পেয়েছে।



