রাউজানে ৭০ বছরের বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার, গরুচোর সন্দেহে গণপিটুনি
রাউজানে ৭০ বছরের বৃদ্ধের লাশ উদ্ধার, গরুচোর সন্দেহে গণপিটুনি

চট্টগ্রামের রাউজানে ৭০ বছর বয়সী এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর ১২টার দিকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাইন্না পুকুরপাড়ের একটি খোলা মাঠ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, গতকাল রোববার গভীর রাতে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। তবে গণপিটুনির কোনো ঘটনার কথা বলতে পারেননি বাইন্না পুকুরপাড় এলাকার লোকজন। নিহত ব্যক্তির পরিচয়ও শনাক্ত করতে পারেনি পুলিশ।

ঘটনার বিবরণ

গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, আজ দুপুর ১২টার দিকে বাইন্না পুকুরপাড় এলাকার একটি মাঠে এক বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন গ্রামবাসী। ওই বৃদ্ধের দেহে অনেক আঘাতের চিহ্ন ছিল। দেহ ছিল রক্তাক্ত। পরে বেলা একটার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশের বক্তব্য

রাউজান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন দেওয়ান প্রথম আলোকে বলেন, 'গরু চুরি করতে এসেছেন, এমন সন্দেহে ওই অপরিচিত লোককে কিছু লোক গণপিটুনি দিয়ে মেরে ফেলে রেখেছিলেন। পরে পুলিশ খবর পেয়ে দুপুরে রক্তাক্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দারা জানান, তারা কোনো গণপিটুনির ঘটনা দেখেননি বা শোনেননি। বৃদ্ধের পরিচয় শনাক্তে পুলিশ তৎপরতা চালাচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ