নরসিংদীতে মেঘনায় গোসল করতে নেমে কলেজছাত্রের মৃত্যু
নরসিংদীতে গোসল করতে নেমে কলেজছাত্রের মৃত্যু

নরসিংদীতে মেঘনা নদীতে সহপাঠীদের সঙ্গে গোসলে নেমে মাহির শাহরিয়ার (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মেঘনার স্রোতে তলিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়। সোমবার (১১ মে) বিকেলে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস অ্যাণ্ড সিভিল ডিফেন্স। এর আগে সোমবার দুপুরের দিকে শহরের নাগরিয়াকান্দি সংলগ্ন মেঘনা নদীতে গোসলে নেমে মাহিম নিখোঁজ হন। নিহত মাহির ঢাকার বিএএফ শাহীন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং পশ্চিম কাজীপাড়া মিরপুর ঢাকার জহিরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

মাহিরের বন্ধু ওয়ালী জানায়, সকালে ঢাকা থেকে ট্রেনে করে বিএএফ শাহীন কলেজসহ ঢাকার ৪ থেকে ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী নরসিংদীর নাগরিয়াকান্দী ব্রিজ ও ব্রিজ সংলগ্ন পার্কে ঘুরতে আসেন। তারা বিভিন্ন স্থান ঘুরে দেখার এক পর্যায়ে নাগরিয়াকান্দি ব্রিজের নিচে মেঘনা নদীতে বেশ কয়েকজন গোসলে নামে। এ সময় সাঁতার না জানায় তার বন্ধু মাহির শাহরিয়ার ও আরও দুইজন নদীর পানিতে তলিয়ে যেতে থাকে। এসময় বন্ধুরা দুইজনকে উদ্ধার করতে পারলেও মাহির স্রোতে তলিয়ে যায়। সহপাঠীরা তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

ওয়ালী আরও জানায়, নিখোঁজের দীর্ঘ সময় পার হলেও তার সন্ধান না পেয়ে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল বেলা ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। তারা তল্লাশ চালিয়ে নদী থেকে বিকেলে ৪টায় মাহিরের মরদেহ উদ্ধার করে। নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মো. রফি বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গেই তল্লাশি শুরু করে ফায়ার সার্ভিস। এক পর্যায়ে বিকেল ৪টার দিকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ