ঢাকায় চিপস কারখানায় আগুনে দুই শ্রমিকের মৃত্যু
ঢাকায় চিপস কারখানায় আগুনে দুই শ্রমিক নিহত

ঢাকার পূর্ব বাড্ডার কবরস্থান রোডে একটি চিপস কারখানায় অগ্নিকাণ্ডে দুই শ্রমিক পুড়ে মারা গেছেন। রোববার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মাহমুদুল হাসান (২৩) ও মোস্তফা মিয়া (২১)। তাঁরা দুজনই রংপুরের তারাগঞ্জ উপজেলার বাসিন্দা। মাহমুদুল হাসানের বাড়ি তারাগঞ্জ উপজেলার বড় জম্মাপাড়া গ্রামে এবং বাবার নাম ইসলাম উদ্দিন। মোস্তফা মিয়ার বাড়ি একই উপজেলার চর কাজীপাড়া গ্রামে; তাঁর বাবার নাম মজনু মিয়া।

ঘটনার বিবরণ

কারখানার শ্রমিক রাকিবুল ইসলাম জানান, রাতে কাজ শেষে প্রায় ১০ জন শ্রমিক কারখানার ভেতরে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক তিনটার দিকে বাইরে থেকে ‘আগুন আগুন’ বলে চিৎকার শুনে তাঁদের ঘুম ভাঙে। পরে তাঁরা দেখতে পান, কারখানায় আগুন লেগেছে। তখন দ্রুত যে যেভাবে পারেন বের হয়ে আসেন। তবে মাহমুদুল হাসান ও মোস্তফা মিয়া বের হতে পারেননি। পরে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার ও তদন্ত

বাড্ডা থানার উপপরিদর্শক মো. হারুন অর রশিদ বলেন, আজ সোমবার ভোর সোয়া চারটার দিকে কারখানার ভেতর থেকে অগ্নিকাণ্ডে নিহত দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে আগুন লেগেছে, তা এখনো জানা যায়নি। কারখানার কয়েকজন শ্রমিক বলেন, ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জানা গেছে, ভবনটি ছিল দোতলা। নিচতলায় ছিল একটি ফার্নিচারের কারখানা এবং ওপরতলায় চিপসের কারখানা। নিহত দুই শ্রমিক পূর্ব বাড্ডার কবরস্থান রোডের ওই কারখানাতেই থাকতেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ