জামালপুরে শনিবার ভোরে পৃথক অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শহরের মৃধা পাড়া ও দয়াময়ী মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের পরিচয়
গ্রেফতারকৃতরা হলেন- প্রতিবেশী শেরপুর জেলার সদর উপজেলার কুশুমহাটি কৃষ্ণপুর উত্তরপাড়া গ্রামের মৃত হাশার আলীর মেয়ে খোদেজা বেগম (৪০) এবং জামালপুরের মেলান্দহা উপজেলার মুন্সি নাংলা গ্রামের আবুলের স্ত্রী বুলবুলি (৫৮)।
অভিযানের বিবরণ
পুলিশ জানায়, ভোররাতে মৃধা পাড়া এলাকার একটি ভাড়া বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে খোদেজা বেগমের কক্ষ থেকে তিনটি ট্রাভেল ব্যাগ ও দুইটি বস্তায় ভর্তি ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে খোদেজা বেগম স্বীকার করেন যে, উদ্ধারকৃত গাঁজা বিক্রির জন্য মজুত করা হয়েছিল। তার দেয়া তথ্যের ভিত্তিতে দয়াময়ী মোড় থেকে বুলবুলিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বুলবুলি স্বীকার করেন যে, তিনি মাদক ক্রয় করতে সেখানে এসেছিলেন।
পুলিশের বক্তব্য
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ নাজমুস সাকিব বিকেলে এক সংবাদ সম্মেলনে জানান, খোদেজা বেগম পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে শেরপুর সদর থানায় একটি মাদক মামলা রয়েছে।
পুলিশ আরও জানায়, মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে উভয় আসামীকে আদালতে সোপর্দ করা হবে।



