স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ শাস্তির মুখোমুখি হচ্ছে। আজ মঙ্গলবার রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে হামের চিকিৎসা প্রটোকল ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি
সাখাওয়াত হোসেন বলেন, ‘সরকারের নির্দেশনা ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কেউ পার পাবে না। অনিয়ম ও অবহেলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আদ্-দ্বীন হাসপাতালে নবজাতক ও শিশুদের জন্য নিরাপদ চিকিৎসার পরিবেশ নিশ্চিত করা হয়নি। অক্সিজেন প্রবাহের জন্য হাসপাতালটিতে ভেন্টিলেশনের ব্যবস্থাও ছিল না। নবজাতকদের শ্বাসকষ্ট হলেও কোনো চিকিৎসক তখন দায়িত্বে ছিলেন না। ডেকেও নার্সদের সাড়া মেলেনি। অল্প সময়ের ব্যবধানে যেই হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু হয়েছে, সেই হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব।
লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত সঠিক
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত কোনোভাবেই ভুল নয় বলে মন্তব্য করেন সাখাওয়াত হোসেন। তিনি বলেন, স্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরে যে অনিয়ম ও জবাবদিহির সংকট রয়েছে, তা দূর করতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।
এ সময় স্বাস্থ্যসেবা খাতে রোগীদের সেবার মান বৃদ্ধি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন। তবে চিকিৎসক ও নার্সদের সহযোগিতায় সরকার হামের বিরুদ্ধে শক্ত দেয়াল তৈরি করতে সক্ষম হয়েছে বলে উল্লেখ করেন তিনি। নিষ্ঠার সঙ্গে কাজ করতে সব চিকিৎসকের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের অন্যান্য বক্তা
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক কে এম মজিবুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক হারুন অর রশীদ, মহাসচিব জহিরুল ইসলাম শাকিল, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক শাহীন রহমান চৌধুরী ও কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মেহেরুন নেসা। অনুষ্ঠানে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ফারহানা হক হাসপাতাল–সম্পর্কিত একটি উপস্থাপনা প্রদান করেন।



