নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শিশু ইয়াসিন আলীর পরিবারের সন্ধান দুই দিনেও মেলেনি। শিশুটি কেবল তার গ্রামের নাম 'মেকর চর' এবং বাবা সুয়েল ও মা মমেনা খাতুনের নাম বলতে পারছে। বাকি সময় সে কেবল কান্না করছে।
হাসপাতালে চিকিৎসা ও উদ্ধারের ঘটনা
শিশুটি হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। তার পারিবারিক পরিচয় নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে এখনও সন্ধান মেলেনি।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাসমুস সাকিব বাপ্পী জানান, শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ৭টার দিকে আজিজুল ইসলাম নামের একজন ব্যক্তি খয়রাত নগর স্টেশন থেকে শিশুটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে চলে যান। এরপর থেকে হাসপাতালের দায়িত্বরত আনসার কমান্ডার আমিনুর ইসলামসহ অন্যরা চিকিৎসার সব দায়িত্ব নেন।
শিশুর শারীরিক অবস্থা
আনসার কমান্ডার আমিনুর ইসলাম বলেন, ওই দিন সকালে নীলফামারী সদরের খয়রাত নগর স্টেশন থেকে আজিজুল ইসলাম নামের একজন ব্যক্তি তাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তার ডান হাত ভাঙা ও মাথায় আঘাত পেয়েছে। বর্তমানে সে চিকিৎসাধীন আছে।
পরিবারের সন্ধানে আহ্বান
পরিবারের সন্ধানে হাসপাতাল কর্তৃপক্ষ ০১৭২১-৪১০১৭৭ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে। নীলফামারী সদর থানার ওসি জিল্লুর রহমান বলেন, আমরা বিষয়টি সম্পর্কে অবগত। স্থানীয়ভাবে এবং সংশ্লিষ্ট থানার সঙ্গে সমন্বয় করে শিশুটির পরিবারের সন্ধান বের করার চেষ্টা চলছে।



