অর্থাভাবে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত পাইকগাছার অসহায় বৃদ্ধ লতিফ সরদার
অর্থাভাবে চিকিৎসাসেবা বঞ্চিত পাইকগাছার লতিফ সরদার

খুলনার পাইকগাছা উপজেলায় অর্থাভাবে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়ে ৬ বছর ধরে প্যারালাইজড অবস্থায় পড়ে আছেন অসহায় বৃদ্ধ লতিফ সরদার। এনআইডি কার্ড অনুযায়ী তার বয়স ৬৪ বছর, তবে বাস্তবে আরও বেশি হবে। চরভরাট এলাকায় এক-দেড় শতক জমির ওপর একটি ভাঙাঘর ছাড়া তার কোনো সম্পদ নেই।

দারিদ্র্যের কারণে চিকিৎসা সম্ভব নয়

লতিফ সরদার দীর্ঘদিন ধরে সারা শরীরে গুটি গুটি আব ও অন্যান্য রোগে ভুগছেন। ৬ বছর আগে তিনি প্যারালাইজড হন। চিকিৎসার অভাবে তিনি বারান্দায় পড়ে আছেন। কখনো অর্ধাহারে, কখনো অনাহারে কাটে তার দিন। একমাত্র স্ত্রী ফজিলা বেগম তাকে সেবা-শুশ্রূষা করেন। লতিফ নিজে নড়াচড়া করতে পারেন না, তবে স্বাভাবিকভাবে কথা বলতে পারেন।

স্ত্রী ফজিলা বেগম অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে যা পান তাই দিয়ে দুই জনের সংসার চলে। তিনি বলেন, 'স্বামীকে চিকিৎসা করাব; কিন্তু কিছুই তো নেই। চেয়ারম্যান মেম্বারদের কাছে কোনো কার্ডের কথা বললে ৫-৭ হাজার টাকা ছাড়া কিছু হবে না। কোথায় পাব এত টাকা? টাকা নেই, তাই সরকারি কোনো কিছু কপালে নেই।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্বজন ও স্থানীয় প্রতিনিধির বক্তব্য

লতিফ সরদারের নিকটাত্মীয় ও পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব বলেন, তিনি মাঝেমধ্যে কিছু আর্থিক সহায়তা দিয়ে থাকেন। স্থানীয় ইউপি সদস্য আনিছুর রহমান জানান, এ নামে ওখানে কেউ আছে কিনা তিনি জানেন না।

প্রশাসনের পদক্ষেপ

উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীকে বিষয়টি জানানো হলে তিনি বলেন, সমাজসেবা অফিসের মাধ্যমে কিছু ব্যবস্থা নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ