বুধবার (৮ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের ২১তম দিনে জামালপুর-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল এক সম্পূরক প্রশ্নকালে গ্রামে বিদ্যুৎ সংকটকে বিব্রতকর ও অস্বস্তিকর বলে মন্তব্য করেন। এ সময় সংসদে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
লোডশেডিংয়ের চিত্র
মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, তার নির্বাচনী এলাকা মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলায় পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা ৪৩ মেগাওয়াট, কিন্তু প্রাপ্তি হচ্ছে মাত্র ২৭ মেগাওয়াট। অফ-পিক আওয়ারে চাহিদা ৩৮ মেগাওয়াট, সরবরাহ হচ্ছে ২৫ মেগাওয়াট। ফলে গড়ে ৩৪ থেকে ৩৮ শতাংশ লোডশেডিং হচ্ছে। তিনি প্রশ্ন রাখেন, এই পরিস্থিতি থেকে কবে নাগাদ উত্তরণ সম্ভব হবে এবং কবে গ্রাহকদের লোডশেডিং থেকে পরিত্রাণ দেওয়া যাবে।
বিদ্যুৎ মন্ত্রীর জবাব
জবাবে বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ময়মনসিংহ এলাকায় ট্রান্সমিশন লাইনে সমস্যা রয়েছে। এজন্য ট্রান্সমিশন লাইনের প্রকল্প গ্রহণ করা হয়েছে। তবে ট্রান্সমিশনের জন্য বড় বড় টাওয়ার নির্মাণ করতে জমির মালিকরা মামলা করে স্থগিতাদেশ নিয়ে আসায় কাজ এগোয়নি।
মন্ত্রী আরও বলেন, জয়দেবপুর-শম্ভুগঞ্জের লাইনের জন্য ভালুকায় এক জমির মালিকের মামলা অনেকদিন পরিচালনার পর সরকার বিজয়ী হয়েছে। কিন্তু তারপরও কাজ শুরু করা সম্ভব হয়নি। গতকাল ভালুকার এমপির সঙ্গে বসা হয়েছে এবং আশা করা যাচ্ছে এমপির সহযোগিতায় আবার কাজ শুরু করা যাবে। এই লাইন নির্মিত হলে ওই এলাকার বিদ্যুৎ সংকট অনেকখানি কমে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।



