স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, স্বাস্থ্যসেবা আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেব। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্বাস্থ্য খাতে আমরা ভালো একটা বাজেট পেয়েছি। এতে বাংলাদেশের মানুষ ভালো চিকিৎসাসেবা পাবেন।
বুধবার দুপুরে রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন- রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ-উল হাসান, রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এসএম মাসুদ, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান, সদর হাসপাতালের সহকারী সার্জন রাজিব দে সরকার, সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ প্রমুখ।
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেন, আমরা রাজবাড়ী সদর হাসপাতালে ভালো চিকিৎসাসেবা দেওয়ার জন্য ইতোমধ্যে ১৪ জন ডাক্তার দিয়েছি। প্রয়োজন হলে স্বাস্থ্যসেবার জন্য আরও ডাক্তার দেব।
তিনি আরও বলেন, জেলা থেকে থানা পর্যায় পর্যন্ত মানুষের চিকিৎসা সেবা দেয়ার জন্য স্বল্পমূল্যে ডায়ালাইসিস করার জন্য দাম কমিয়ে দিয়েছি। আমরা আমাদের চেষ্টার শেষপর্যন্ত করে যাব। এতদিন আমরা অথৈ সাগরের মধ্যে ছিলাম; এখন মানুষের সেবা দেওয়ার জন্য কাজ করব। তবে ১৭ বছরের জঞ্জাল একসঙ্গে দূর করা যাবে না।



