হামের উপসর্গে দেশে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
শেষ ২৪ ঘণ্টার পরিসংখ্যান
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১৩ জুন) সকাল আটটা থেকে রোববার (১৪ জুন) সকাল আটটা পর্যন্ত সময়ে এই চার শিশুর মৃত্যু ঘটে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬০ জন। এছাড়া নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯২ শিশুর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৬৫২।
নতুন রোগী শনাক্ত
সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ৫২ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ৮৫ হাজার ৯৫১।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ৭৫ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১০ হাজার ৩২৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
হাসপাতালে ভর্তি ও সুস্থতা
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭০ হাজার ৫৭৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৬৬ হাজার ৮৪১ জন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা যায়নি। তবে হামের উপসর্গে চার শিশু মারা গেছে। তাদের মধ্যে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে।



