গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্ত ৯৬৬ জন
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯৬৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ হাজার ৮৯৫ জনে।
নিশ্চিত হাম রোগীর সংখ্যা
একই সময়ে ১১১ জনের হাম রোগ নিশ্চিত হয়েছে। ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১০ হাজার ৬৩৪ জন।
হাসপাতালে ভর্তি ও সুস্থতা
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে ৭৩ হাজার ২৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন ৬৯ হাজার ৬৮৮ জন।
মৃত্যুর সংখ্যা
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে চারজনের মৃত্যু হলেও নিশ্চিত হাম রোগে এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৫৬৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে প্রাণ হারিয়েছেন ৯৩ জন।



