বন্যার পানিতে আটকে পড়া প্রসূতিকে কাঁধে বহন করে হাসপাতালে নিয়ে গেল ফায়ার সার্ভিস
বন্যার পানিতে আটকে পড়া প্রসূতিকে কাঁধে বহন করে হাসপাতালে নিয়ে গেল ফায়ার সার্ভিস

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বন্যার পানিতে আটকে পড়া এক প্রসূতি নারীকে ফায়ার সার্ভিস কর্মীরা স্ট্রেচারে কাঁধে বহন করে হাসপাতালে পৌঁছে দিয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ছয়টার দিকে লোহাগাড়ার পশ্চিম আমিরাবাদ ইউনিয়নের খৈয়ারকুল গ্রামে এ ঘটনা ঘটে।

প্রসব বেদনা শুরু হলে কী হয়েছিল?

ওই গৃহবধূর নাম মিজবাহুল জান্নাত (২২)। তিনি সৌদি আরবপ্রবাসী রিয়াজ উদ্দিনের স্ত্রী। খৈয়ারকুল গ্রামটি ডলু নদের তীরে অবস্থিত। গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে ডলু নদের পানি বেড়ে গ্রামটি প্লাবিত হয়। বুধবার দিবাগত রাত ২টার দিকে মিজবাহুল জান্নাতের প্রসব বেদনা শুরু হয়। তার বাড়ি থেকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দূরত্ব প্রায় দুই কিলোমিটার। কিন্তু বৃষ্টি ও বন্যার পানিতে পুরো সড়ক তলিয়ে যাওয়ায় তাকে হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছিল না।

ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান

কয়েক ঘণ্টা অপেক্ষার পর ভোরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। গলাসমান পানি পেরিয়ে উদ্ধারকর্মীরা স্ট্রেচারে করে মিজবাহুল জান্নাতকে কাঁধে বহন করে নিরাপদ স্থানে নিয়ে আসেন। এরপর তাকে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা রাখাল চন্দ্র রুদ্র বলেন, ‘খবর পাওয়ার পর আমাদের একটি দল ঘটনাস্থলে যায়। প্রায় দেড় ঘণ্টার অভিযানে ওই নারীকে নিরাপদে উদ্ধার করা হয়। স্থানীয় একটি সিএনজিচালিত অটোরিকশা স্টেশনে আগে থেকেই একটি অ্যাম্বুলেন্স রাখা ছিল। স্টেশন থেকে তার শ্বশুরবাড়ির দূরত্ব প্রায় ৬০০ মিটার। পুরো পথই পানির নিচে ছিল। আমরা তাকে স্ট্রেচারে কাঁধে বহন করে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে পাঠাই।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বন্যা পরিস্থিতির অবনতি

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ডলু, সাঙ্গু ও টঙ্কাবতীর পানি বেড়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, বৃহস্পতিবার দুপুর ১২টায় সাতকানিয়া অংশে সাঙ্গু নদের পানি বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ডলু নদ ও টঙ্কাবতী নদীর পানিও আগে থেকেই বিপৎসীমার ওপর রয়েছে।