খাওয়ার পর ওজন ও সুগার নিয়ন্ত্রণে রাখবে যেসব ডিটক্স পানীয়
ওজন ও সুগার নিয়ন্ত্রণে খাওয়ার পরের ডিটক্স পানীয়

খাওয়ার পর ওজন ও সুগার নিয়ন্ত্রণে রাখবে যেসব ডিটক্স পানীয়

সকালে খালি পেটে লেবু-মধু বা জিরা ভেজানো পানি পান করলে ওজন কমবে বলে অনেকের ধারণা। কিন্তু বাস্তবে এটি প্রায়ই কার্যকর হয় না। চিকিৎসকদের মতে, খাওয়ার পর নির্দিষ্ট কিছু ডিটক্স পানীয় পান করলে অতিরিক্ত ক্যালোরি পুড়ে যায় এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। এই পানীয়গুলো শরীর থেকে টক্সিন দূর করে হজমশক্তি বাড়ায়, যা ওজন কমানোর পাশাপাশি সুগার নিয়ন্ত্রণে সহায়ক।

তুলসী-কাঁচাহলুদের ডিটক্স পানীয়

এই পানীয় তৈরির জন্য ৫-৬টি তুলসী পাতা, অর্ধ ইঞ্চি কাঁচাহলুদ কুচি এবং সামান্য গোলমরিচ প্রয়োজন। দুই কাপ পানিতে হলুদ ও তুলসী পাতা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন। পানি লালচে-হলুদ রঙ ধারণ করলে নামিয়ে ছেঁকে নিতে হবে। এরপর গোলমরিচ গুঁড়ো মিশিয়ে পান করুন। এই পানীয় মেটাবলিজম বাড়িয়ে ওজন কমাতে সাহায্য করে এবং প্রদাহ কমায়।

দারুচিনি ও চক্রফুলের কাথ

দারুচিনি ও চক্রফুলের মিশ্রণ হজমশক্তি বহুগুণ বাড়িয়ে দেয় এবং গ্যাস-অম্বলের সমস্যা দূর করে। একটি ছোট দারুচিনির স্টিক দুই কাপ পানিতে ফুটিয়ে তাতে একটি চক্রফুল মিশিয়ে নিন। পানীয়ের রঙ পরিবর্তিত হলে নামিয়ে সামান্য গরম অবস্থায় দুপুরে খাওয়ার ২০-৩০ মিনিট পর পান করুন। এটি রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সহায়তা করে।

অপরাজিতা ফুলের চা

অপরাজিতা ফুলের চা অ্যান্টি-ডায়াবেটিস পানীয় হিসেবে জনপ্রিয়। এর গাঢ় নীল রঙে থাকা অ্যান্থোসায়ানিন যৌগ মেদ কমাতে পারে। ৩-৪টি শুকনো বা টাটকা নীল অপরাজিতা ফুল এক কাপ গরম পানিতে ঢেকে রাখুন। জলের রঙ নীল হয়ে গেলে ফুল তুলে নিন এবং কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে রাতে শোবার আগে বা দুপুরে খাওয়ার পর পান করুন। এই চা ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করে।

এই ডিটক্স পানীয়গুলো নিয়মিত পান করলে খাওয়ার পরের অতিরিক্ত ক্যালোরি দ্রুত পুড়ে যাবে এবং সুগার নিয়ন্ত্রণে থাকবে। তবে যেকোনো নতুন খাদ্যাভ্যাস শুরু করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।