কর্মজীবী নারীরা চাকরি, সন্তান লালন-পালন, পরিবার সামলানো ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য রক্ষার মতো বহুমাত্রিক দায়িত্ব পালন করেন। এই ব্যস্ততা ও চাপের মধ্যে অনেক সময় নিজের মানসিক সুস্থতার বিষয়টি উপেক্ষিত থেকে যায়। বিশেষজ্ঞরা বলছেন, একজন মা মানসিকভাবে সুস্থ থাকলে শুধু তাঁর নিজের জীবনই নয়, পরিবার ও কর্মক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে।
অনুষ্ঠানের আয়োজন
আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে কর্মজীবী মায়েদের মানসিক চাপ কমানো, নিজের জন্য সময় বের করা এবং মানসিকভাবে সুস্থ থাকার উপায় নিয়ে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘মনের বন্ধু’। অনুষ্ঠানটি আয়োজন করা হয় প্রথম আলোর নারী কর্মীদের জন্য। এতে প্রতিষ্ঠানটির ৫০ জন নারী কর্মী উপস্থিত ছিলেন।
বিশ্ব মা দিবস উদযাপন
বিশ্ব মা দিবস পালনের অংশ হিসেবে ‘মানসিক সুস্থতা সচেতনতা অধিবেশন’ শীর্ষক এই আয়োজনে কর্মজীবী নারীদের মানসিক স্বাস্থ্য, নিজের যত্ন নেওয়া, কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য রক্ষা এবং মানসিক চাপ মোকাবিলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন মনের বন্ধুর প্রধান সাইকোলজিস্ট ও মেন্টাল হেলথ প্রোগ্রামের প্রধান কাজী রুমানা হক।
অংশগ্রহণকারীদের মতামত
অনুষ্ঠানে উপস্থিত প্রথম আলোর নারী কর্মীরা মানসিক দুশ্চিন্তা, কর্মক্ষেত্রের চাপ এবং পারিবারিক দায়িত্ব সামলানোর বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠান শেষে প্রথম আলোর এবং মনের বন্ধুর কর্মীরা ফটোসেশনে অংশ নেন।
বিশেষজ্ঞের বক্তব্য
কাজী রুমানা হক বলেন, চাকরির চাপের পাশাপাশি সন্তান লালন-পালন, পরিবারের দেখাশোনা এবং নিজের জন্য সময় বের করা—সব মিলিয়ে কর্মজীবী মায়েদের ওপর একধরনের অদৃশ্য মানসিক চাপ তৈরি হয়। অনেক সময় তাঁরা নিজেদের সমস্যার কথা প্রকাশ করতে পারেন না বা নিজের প্রয়োজনকে গুরুত্ব দেন না। ফলে ধীরে ধীরে মানসিক ক্লান্তি তৈরি হয়। তিনি বলেন, মানসিকভাবে সুস্থ থাকতে হলে নিজের প্রতি যত্নশীল হওয়া জরুরি। প্রতিদিন কিছুটা সময় নিজের জন্য রাখা, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া, প্রিয় কাজের সঙ্গে যুক্ত থাকা এবং অনুভূতিগুলো প্রকাশ করার অভ্যাস মানসিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ।
মনের বন্ধুর ভূমিকা
অনুষ্ঠানে প্রসঙ্গে মনের বন্ধুর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদা শিরোপা বলেন, ‘মনের বন্ধু’ দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করছে। কাউন্সেলিং সেবা দেওয়ার পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করছেন তাঁরা।



