স্পিডবোটে যাত্রী পরিবহনের জন্য কিলোমিটার প্রতি এবং নৌরুট-ভিত্তিক জনপ্রতি যাত্রীভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। মঙ্গলবার (১২ মে) নৌপরিবহন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯ এর বিধি ২৭ মোতাবেক স্পিডবোটে যাত্রী পরিবহনের জন্য কিলোমিটার প্রতি এবং নৌরুট ভিত্তিক জনপ্রতি যাত্রীভাড়া পুনর্নির্ধারণ করা হলো।
শান্ত নৌপথে ভাড়া বৃদ্ধি
শান্ত নৌপথে প্রথম ১০ কিলোমিটারের ভাড়া প্রতি কিলোমিটার ১৪ টাকা ০১ পয়সা থেকে বাড়িয়ে ৯৯ পয়সা বাড়িয়ে ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পরের ১০ কিলোমিটারের ভাড়া প্রতি কিলোমিটার ১০ টাকা থেকে ৮০ পয়সা বাড়িয়ে ১০ টাকা ৮০ পয়সা করা হয়েছে। অবশিষ্ট দূরত্বের জন্য প্রতি কিলোমিটার ৮ টাকা থেকে ৬৪ পয়সা বাড়িয়ে ৮ টাকা ৬৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।
অশান্ত নৌপথে ভাড়া বৃদ্ধি
অশান্ত নৌপথে প্রথম ১০ কিলোমিটারের প্রতি কিলোমিটার ১৬ টাকা ০১ পয়সা থেকে ৯৯ পয়সা বাড়িয়ে ১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। অবশিষ্ট দূরত্বের জন্য প্রতি কিলোমিটার ১৪ টাকা ০১ পয়সা থেকে ৯৯ পয়সা বাড়িয়ে ১৫ টাকা করা হয়েছে।
৪৪টি নৌরুটের ভাড়া বৃদ্ধি
এছাড়া আরিচা, নাজিরগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, চাঁদপুর, আশুগঞ্জ-ভৈরব, বাঘাবাড়ী, চট্টগ্রাম ও চাঁদপুর নৌবন্দরের ৪৪টি রুটের ভাড়া বাড়ানো হয়েছে। এক্ষেত্রে ভাড়া সর্বনিম্ন ৫ টাকা ও সর্বোচ্চ ৬০ টাকা বেড়েছে।



