সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে ২৫ এবং হামে আক্রান্ত হয়ে তিন জন মারা গেছে। বর্তমানে হামে আক্রান্ত বা সন্দেহভাজন ২৮৯ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
মৃত শিশুদের পরিচয়
গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশু মারা গেছে। তারা হলেন– সিলেট সদরের কাজলশাহ এলাকার ইকবালের ৭ মাস বয়সী মেয়ে ইকরা জান্নাত এবং কোম্পানীগঞ্জের লামা ডিস্কিবাড়ীর শাকিল আহমদের ১০ মাস বয়সী ছেলে মারওয়ান আহমদ।
নতুন রোগী ভর্তি
বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সর্বোচ্চ ৩০ জন ভর্তি হয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এ নিয়ে হামে আক্রান্ত বা সন্দেহভাজন ২৮৯ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১২৩ জন রয়েছেন।



