গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ের মধ্যে নিশ্চিত হাম সংক্রমণে কোনো মৃত্যু রেকর্ড করা হয়নি। ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গের সঙ্গে যুক্ত শিশুমৃত্যুর সংখ্যা বেড়ে ২৮০-তে দাঁড়িয়েছে।
নতুন সন্দেহভাজন রোগী
গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৭০ জন নতুন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে মোট ৩৮ হাজার ৩০১ জন হামের উপসর্গ দেখিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্য তুলে ধরা হয়েছে।
নিশ্চিত হাম সংক্রমণ
স্বাস্থ্য অধিদপ্তরের মতে, গত ২৪ ঘণ্টায় ১১৫টি নতুন নিশ্চিত হাম সংক্রমণের ঘটনা রিপোর্ট করা হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে মোট নিশ্চিত সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১৪৬-তে।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৪৯ জনের মৃত্যু হয়েছে, আর সন্দেহভাজন হাম রোগীদের মধ্যে ২৩১ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
হাসপাতালে ভর্তি ও ছাড়পত্র
গত ২৪ ঘণ্টায় সনাক্ত হওয়া ১ হাজার ১৭০ সন্দেহভাজন রোগীর মধ্যে ৯৪২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর ৮৯৩ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।
১৫ মার্চ থেকে মোট ২৬ হাজার ১০০ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, আর ২২ হাজার ৬৫০ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।



