স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, অপুষ্টির কারণেও হামে আক্রান্ত শিশুদের মধ্যে শারীরিক জটিলতা বৃদ্ধি পাচ্ছে। তিনি শিশুর পুষ্টিকর খাদ্য ও মায়ের দুধ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
জাতীয় পুষ্টি সপ্তাহের অনুষ্ঠানে বক্তব্য
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের মিলনায়তনে জাতীয় পুষ্টি সপ্তাহের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, পুষ্টির বার্তা দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে সরকারি-বেসরকারি উদ্যোগ অত্যন্ত জরুরি। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পুষ্টি সচেতনতা বৃদ্ধি পেলে একটি সুস্থ, সবল ও মেধাবী প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে।
মায়ের দুধের গুরুত্ব
তিনি উল্লেখ করেন, শুধু ভিটামিন বা ওষুধ খেয়ে জীবন চলে না। মায়ের দুধ একটি প্রাকৃতিক পুষ্টি, যা শিশুর শরীর গঠন করে এবং এর প্রভাব দীর্ঘস্থায়ী হয়। কিন্তু বর্তমানে অনেক মা বুকের দুধ খাওয়াতে আগ্রহ হারাচ্ছেন, যা উদ্বেগজনক।
কাউন্সেলিংয়ের মাধ্যমে সচেতনতা
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সবকিছু ওষুধ দিয়ে সম্ভব নয়। কাউন্সেলিংয়ের মাধ্যমে মানুষকে সচেতন করতে হবে। পুষ্টি শুধু শরীর নয়, এটি মেধা ও কর্মক্ষমতা বৃদ্ধিরও শক্তি। তিনি সবাইকে পুষ্টি বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।



