ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর আদ-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করে হাসপাতালের ভেতরে একটি বেকারির সন্ধান পাওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
হাসপাতালে বেকারি ও ময়লা
শনিবার (৩০ মে) বিকেলে হাসপাতাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, হাসপাতালে একটি বেকারি পাওয়া গেছে। দুটি ইলেকট্রিক ওভেন দিয়ে এই বেকারি চলে। কোনও ইঞ্জিনিয়ার নেই। এটা উচিত হয়নি। প্রচুর ময়লা পাওয়া গেছে।
তদন্ত ও প্রতিবেদন
বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাজার হাজার শিক্ষার্থীর জন্য বেকারিতে খাবার তৈরি হতো। সেখান থেকে কোনও গ্যাস বের হয়েছে কি না যেটি শিশুদের ক্ষতিগ্রস্ত করেছে সেটা খতিয়ে দেখতে হবে। এ বিষয়ে দুজন চিকিৎসকের সঙ্গে কথা বলা হয়েছে। তারাও বেশ কিছু ইঙ্গিত দিয়েছেন।
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী ৩ জুন দেওয়া হবে বলেও জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন মায়েদের সঙ্গে কথা বলা দরকার। আরও তিনজনকে তদন্ত কমিটিতে যুক্ত করা হয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার আদ-দ্বীন হাসপাতালের ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনার কারণ অনুসন্ধানে স্বাস্থ্য অধিদফতর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ৩ জুন প্রকাশ করা হবে।



