হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) দেশে আরও ১০ শিশু মারা গেছে।
এ সময়ে মোট ৭৩২ জন হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। হামের উপসর্গ দেখা দিয়েছে ৬৭৪ শিশুর। আর হামে আক্রান্ত হয়েছে ৫৮ শিশু।
ঢাকা ও সিলেটে মৃত্যু
হাম ও হামের উপসর্গে ঢাকায় নয় এবং সিলেটে এক শিশু মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৪৮৫ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯০ শিশু।
হামের উপসর্গ ও ভর্তি পরিসংখ্যান
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৬৮ হাজার ৫৭৯ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৪ হাজার ৭৯৮ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৫১ হাজার ৫১১ শিশু বাড়ি ফিরেছে।
হাম শনাক্তের সংখ্যা
গত ১৫ মার্চ থেকে দেশে ৮ হাজার ৯৪৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।



