রোজায় হৃদরোগীদের জন্য স্বাস্থ্য সুরক্ষা: জরুরি নির্দেশনা
রোজা রাখার মাধ্যমে স্বাস্থ্যের নানা উপকারিতা পাওয়া যায়, যেমন নিয়ন্ত্রিত উপবাস ওজন হ্রাসে সহায়তা করে এবং ইনসুলিন প্রতিরোধ কমাতে ভূমিকা রাখে। তবে হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য এই প্রক্রিয়া ভিন্ন মাত্রা নিয়ে আসে। বিশেষজ্ঞরা সতর্ক করে দিচ্ছেন যে, চিকিৎসকের পরামর্শ ছাড়া রোজা রাখা মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে।
হৃদরোগীদের জন্য রোজার ঝুঁকি
যাদের হৃদরোগ, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস রয়েছে, তাদের রমজান মাসে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত। দীর্ঘ সময় না খাওয়ার ফলে শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বিঘ্নিত হতে পারে, যা হৃদরোগীদের জন্য জটিলতা সৃষ্টি করতে পারে। চিকিৎসকদের মতে, যাদের সম্প্রতি হার্ট অ্যাটাক হয়েছে বা হার্ট সার্জারি করা হয়েছে, তাদের রোজা না রাখাই উত্তম। একইভাবে অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ বা হার্টের ছন্দের সমস্যায় ভোগা রোগীদেরও বিশেষ মনোযোগ দিতে হবে।
রমজানে হৃদরোগীদের সুস্থ থাকার পরামর্শ
হৃদরোগীদের জন্য রমজানে সুস্থ থাকতে নিম্নলিখিত পরামর্শগুলো অনুসরণ করা জরুরি:
- ইফতারে অতিরিক্ত খাবেন না: দীর্ঘক্ষণ না খাওয়ার পর হঠাৎ করে বেশি খেলে শরীরে চাপ পড়ে। অতিরিক্ত খাবার ওজন বৃদ্ধি এবং হৃদযন্ত্রের ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে। তাই পরিমিত ও ভাগ করে খাবার খাওয়াই শ্রেয়।
- পানি ও তরল গ্রহণ বাড়ান: ডিহাইড্রেশন বা ‘হাইপোভোলেমিয়া’ এড়াতে ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করা অত্যাবশ্যক। সাধারণত অন্তত ৮ গ্লাস তরল গ্রহণের পরামর্শ দেওয়া হয়। প্রয়োজনে ওষুধের সময়সূচি চিকিৎসকের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করুন।
- ক্যাফেইন কমান: চা, কফি ও কোমল পানীয় কম খাওয়া উচিত। ক্যাফেইন হৃদস্পন্দন ও রক্তচাপ বাড়াতে পারে এবং শরীরের পানিশূন্যতা বৃদ্ধি করে।
- স্বাস্থ্যকর খাবার বেছে নিন: ভাজাপোড়া ও অতিরিক্ত মিষ্টি খাবার এড়িয়ে ফল, শাকসবজি, গোটা শস্য ও চর্বিহীন প্রোটিন খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করুন। এতে বিপাকীয় জটিলতা, হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি হ্রাস পায়।
- খাবার ও পানি ভাগ করে খান: ইফতারের পর একসঙ্গে বেশি খাবার ও পানি না খেয়ে সময় নিয়ে অল্প অল্প করে গ্রহণ করুন।
- হালকা ব্যায়াম করুন: ইফতারের ১–২ ঘণ্টা আগে বা পরে হালকা হাঁটা, স্ট্রেচিং বা যোগব্যায়াম করা যেতে পারে। তবে অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন।
- পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন: কম ঘুম হৃদযন্ত্রের ওপর বাড়তি চাপ ফেলে। তাই নিয়মিত ও পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ জরুরি।
সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা
রোজা শুরুর আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা এবং নিয়মিত রক্তচাপ পর্যবেক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসকের অনুমতি ছাড়া হৃদরোগীদের রোজা না রাখাই নিরাপদ বলে বিশেষজ্ঞরা মত দেন। এই সতর্কতাগুলো মেনে চললে রমজান মাসে হৃদরোগীরা সুস্থভাবে থাকতে পারবেন।
