বর্তমান সময়ে সচেতন মানুষের কাছে প্রোটিন বা আমিষযুক্ত খাবার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। শরীরচর্চাকারী থেকে শুরু করে কর্মব্যস্ত মানুষ—সবার কাছেই প্রোটিন বার এখন একটি সহজ ও চটজলদি পুষ্টির উৎস। পকেটে বা ব্যাগে সহজে বহন করা যায় বলে অনেকেই এটিকে হালকা নাস্তা, শরীরচর্চার পরের খাবার কিংবা মাঝে মধ্যে মিল রিপ্লেসমেন্ট হিসেবে বেছে নিচ্ছেন।
তবে পুষ্টিবিদদের মতে, সব প্রোটিন বার স্বাস্থ্যের জন্য উপকারী নয়। চকচকে মোড়কের আড়ালে অনেক প্রোটিন বার আসলে সাধারণ ক্যান্ডি বারের মতোই ক্ষতিকর ও অতিরিক্ত প্রক্রিয়াজাত উপাদান দিয়ে তৈরি।
প্রোটিন বার কেন অস্বাস্থ্যকর হতে পারে?
বাজারে প্রচলিত সব প্রোটিন বারের গুণগত মান এক নয়। কিছু বারে ভালো মানের উপাদানের সঙ্গে কম চিনি থাকলেও, অনেক বারে কৃত্রিম ও অস্বাস্থ্যকর উপাদান ঠাসা থাকে। অতিরিক্ত চিনির উপস্থিতির কারণে কিছু প্রোটিন বারে ৪০০-এর বেশি ক্যালোরি থাকতে পারে, যা অজান্তেই শরীরের ওজন বাড়িয়ে দেয়। এছাড়া উৎপাদনকারীরা অনেক সময় সস্তা ও নিম্নমানের প্রোটিন ব্যবহার করে, যাতে শরীরের জন্য প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিডের ঘাটতি থাকে। পাশাপাশি কৃত্রিম মিষ্টি, সিন্থেটিক রং এবং রাসায়নিক প্রিজারভেটিভ বা সংরক্ষণকারী উপাদানও এতে যোগ করা হয়।
স্বাস্থ্যকর প্রোটিন বার চেনার উপায়
একটি আদর্শ ও স্বাস্থ্যকর প্রোটিন বার কেনার আগে প্যাকেটের পুষ্টিগুণ বা ‘নিউট্রিশন ফ্যাক্টস’ দেখে নেওয়া উচিত:
- প্রোটিন: ৫ গ্রাম থেকে ২০ গ্রাম
- চিনি: ৫ গ্রামের নিচে
- ফাইবার (আঁশ): সর্বনিম্ন ৩ থেকে ৫ গ্রাম
- উপাদান: প্রাকৃতিক বা আস্ত খাবার
১. উপাদানের তালিকা
সব সময় ভালো মানের উপাদানের দিকে নজর দিন। উপাদান তালিকায় যদি বাদাম, বীজ এবং প্রাকৃতিক প্রোটিনের নাম আগে থাকে, তবে সেটি বেছে নিন। অতিরিক্ত রাসায়নিক ফ্লেভার, প্রিজারভেটিভ ও চিনিযুক্ত লম্বা উপাদানের তালিকা থাকা বারগুলো এড়িয়ে চলুন।
২. চিনির পরিমাণ
অধিকাংশ প্রোটিন বারেই চিনির পরিমাণ অনেক বেশি থাকে, যা এর স্বাস্থ্যগত উপকারিতাকে নষ্ট করে দেয়। তাই প্রতি সার্ভিংয়ে ৫ গ্রামের কম চিনি রয়েছে—এমন বার খোঁজার চেষ্টা করুন।
৩. প্রোটিনের উৎস
সব প্রোটিনের কার্যকারিতা এক নয়। হোয়ে, কেসিন কিংবা উদ্ভিজ্জ প্রোটিন সমৃদ্ধ বারগুলো শরীরের জন্য বেশি কার্যকর। সস্তা ও নিম্নমানের প্রোটিনযুক্ত বারগুলো সহজে শরীরে শোষিত হয় না।
৪. ক্যালোরির পরিমাণ
আপনার দৈনন্দিন পুষ্টির চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ক্যালোরির দিকে খেয়াল রাখুন। কিছু বার অতিরিক্ত ক্যালোরি সমৃদ্ধ হওয়ায় তা আপনার ডায়েটের লক্ষ্যকে ব্যাহত করতে পারে।
৫. ফ্যাট এবং কার্বোহাইড্রেট
বারে থাকা ফ্যাট এবং কার্বোহাইড্রেটের ভারসাম্যের দিকে নজর দেওয়া জরুরি। স্বাস্থ্যকর ফ্যাট শরীরের জন্য ভালো হলেও, অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট বা রিফাইনড কার্বোহাইড্রেট বারটিকে অস্বাস্থ্যকর করে তোলে।
উল্লেখ্য, প্রোটিন বার কখনো মূল খাবারের বিকল্প নয়। প্রোটিন বার আপনার দৈনিক প্রোটিনের ঘাটতি পূরণ করতে এবং তাৎক্ষণিক পুষ্টির জোগান দিতে সাহায্য করতে পারে; কিন্তু এটি কখনোই একটি সম্পূর্ণ ও সুষম পুষ্টিকর খাবারের বিকল্প হতে পারে না।
পরিশেষে, প্রোটিন বার ব্যস্ত জীবনে প্রোটিনের চাহিদা মেটানোর একটি সহজ উপায় হলেও, সচেতনভাবে সঠিক পণ্যটি বেছে নেওয়া জরুরি। উপাদানের তালিকা এবং পুষ্টিগুণের সঠিক ভারসাম্য দেখে কিনলে স্বাস্থ্যের কোনো ক্ষতি ছাড়াই এটি আপনার খাদ্যতালিকায় যুক্ত করা সম্ভব।



