গরম পানি পান করলে কি সত্যিই ওজন কমে? সোশ্যাল মিডিয়ার মিথ বনাম বিজ্ঞানের বাস্তবতা
গরম পানি পান: ওজন কমানোর মিথ নাকি বিজ্ঞান?

গরম পানি পান: সোশ্যাল মিডিয়ার হুজুগ নাকি স্বাস্থ্যকর অভ্যাস?

ফেসবুক বা ইনস্টাগ্রাম রিলসে প্রায়ই দেখা যায়, ফিটনেস ইনফ্লুয়েন্সাররা সকালবেলা এক মগ গরম পানি নিয়ে বসে পড়েছেন। তাঁদের দাবি, এই এক মগ গরম পানিই নাকি জাদুর মতো কাজ করে! ওজন কমানো, ত্বকের উজ্জ্বলতা বাড়ানো, পিরিয়ডের ব্যথা কমানো থেকে শুরু করে গলা ব্যথাসহ নানা সমস্যার সমাধান এই গরম পানি। শুনতে খুব সহজ এবং প্রাকৃতিক মনে হলেও আসলে গরম পানির এত গুণ নেই। এটাও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া আরও একটি হুজুগ। চলুন, বিস্তারিত জানার চেষ্টা করি।

গরম পানির বিজ্ঞান: আসল সত্য কী?

গরম পানি পান করা শরীরের জন্য নিরাপদ এবং অনেকেই এতে আরাম পান। কিন্তু বিজ্ঞান বলছে, গরম পানির আলাদা কোনো সুপারপাওয়ার নেই। আপনি গরম পানি খাচ্ছেন নাকি সাধারণ তাপমাত্রার পানি, তার চেয়ে বেশি জরুরি হলো আপনি পর্যাপ্ত পানি খাচ্ছেন কি না। শরীর হাইড্রেটেড থাকলে কিডনি ভালো থাকে, হজম ভালো হয় এবং মনও চনমনে থাকে। ২০২৫ সালের এক গবেষণায় দেখা গেছে, পর্যাপ্ত পানি না খেলে দৈনন্দিন মানসিক চাপ সামলানো কঠিন হয়ে পড়ে।

গরম পানি নিয়ে প্রচলিত মিথ ও ভুল ধারণা

এখন চলুন গরম পানি নিয়ে প্রচলিত কিছু মিথ বা ভুল ধারণা ভেঙে দেওয়া যাক।

মিথ ১: গরম পানি চর্বি গলায় এবং ওজন কমায়

সবচেয়ে বড় ভুল ধারণা এটাই। দুঃখজনক হলেও সত্য, এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই যে গরম পানি পেটের চর্বি গলিয়ে দেয়। তবে হ্যাঁ, খাওয়ার আগে গরম বা ঠান্ডা পানি খেলে পেট ভরা মনে হয়, ফলে খাবারের পরিমাণ কিছুটা কমে। এটা পরোক্ষভাবে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। ছোট একটি গবেষণায় দেখা গেছে, গরম পানি অন্ত্রের নড়াচড়া বাড়িয়ে হজমে সামান্য সাহায্য করতে পারে। কিন্তু তার মানে এই নয় যে এটি আপনার শরীরের ফ্যাট বার্ন করবে। সোজা কথায়, চিনির শরবত বাদ দিয়ে গরম পানি খেলে ওজন কমবে ঠিকই, কিন্তু সেটা পানির তাপমাত্রার জন্য নয়, চিনি বাদ দেওয়ার জন্য।

মিথ ২: গলা ব্যথায় গরম পানি

এখানে কিছুটা সত্যতা আছে। গরম পানীয় গলা ব্যথা উপশমে এবং নাক বন্ধ ভাব কাটাতে সাহায্য করে। এর তাপ এবং ভাপ গলার ভেতরে জমে থাকা মিউকাস বা কফ নরম করে এবং জ্বালাপোড়া কমায়। তবে এটা শুধু সাদা গরম পানির গুণ নয়। গরম চা, আদা চা বা লেবু-পানিও একই কাজ করে। মনে রাখবেন, এটি ইনফেকশন সারায় না বা রোগজীবাণু মারে না, শুধু সাময়িক আরাম দেয়। তাই সর্দি-কাশিতে গরম পানি খাওয়া ভালো অভ্যাস।

মিথ ৩: গরম পানি ত্বক উজ্জ্বল করে

অনেকে বলেন, সকালে গরম পানি খেলে শরীর থেকে সব বিষাক্ত পদার্থ বেরিয়ে যায় এবং ত্বক চকচক করে। বিজ্ঞান বলছে, এটি ভুল। পর্যাপ্ত পানি খেলে ত্বক ভালো থাকে, শুষ্কতা কমে এবং নমনীয়তা বজায় থাকে। কিন্তু পানির তাপমাত্রা এখানে কোনো ফ্যাক্টর না। আর শরীর বিষমুক্ত করার দায়িত্ব আপনার লিভার ও কিডনির। গরম পানি দিয়ে শরীর ধুয়ে ভেতর থেকে ময়লা বের করা যায় না।

মিথ ৪: পিরিয়ডের ব্যথায় গরম পানি

পিরিয়ডের সময় তলপেটে গরম পানির ব্যাগ (হট ওয়াটার ব্যাগ) দিলে পেশি শিথিল হয় এবং ব্যথায় আরাম পাওয়া যায়, এটা সত্য। কিন্তু গরম পানি পান করলে ব্যথা কমে যাবে, এমন কোনো প্রমাণ নেই। তবে এই সময়ে শরীর আর্দ্র রাখা খুব জরুরি। এতে পেট ফেঁপে থাকা কমে। গ্রিন টি বা এরকম কিছু ভেষজ চা জরায়ুর অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে ব্যথা কমাতে সাহায্য করতে পারে। কিন্তু সাধারণ গরম পানি পেইনকিলার হিসেবে কাজ করে না।

তবুও কেন মানুষ গরম পানি খায়?

হাতে ধোঁয়া ওঠা গরম মগ নিয়ে বসাটা একধরনের মানসিক প্রশান্তি দেয়। এটি একধরণের আরামদায়ক রুটিন। এই অভ্যাস যদি আপনাকে বেশি পানি খেতে সাহায্য করে, তবে তা চালিয়ে যাওয়া ভালো। সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত গল্পগুলো খুব দ্রুত ছড়ায়, তাই মানুষ ভাবে এটাই বুঝি সমাধান। কিন্তু দিনশেষে মনে রাখবেন, গরম হোক বা ঠান্ডা—আসল মন্ত্র হলো পানি পান করা। ওজন কমানো বা ফর্সা হওয়ার জন্য গরম পানির ওপর ভরসা না করে সুষম খাবার আর ভালো ঘুমের দিকে নজর দেওয়াই বুদ্ধিমানের কাজ!

লেখক: ফ্রন্টেন্ড ডেভলপার, সফটভেঞ্চ

সূত্র: সায়েন্স অ্যালার্ট