ঢাকায় অ্যাপোলোর আন্তর্জাতিক সিএমই প্রোগ্রাম অনুষ্ঠিত
ঢাকায় অ্যাপোলোর আন্তর্জাতিক সিএমই প্রোগ্রাম

চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল এবং ঢাকার অ্যাপোলো ক্লিনিক ধানমণ্ডির যৌথ উদ্যোগে সম্প্রতি রাজধানীতে একটি আন্তর্জাতিক কন্টিনিউয়িং মেডিকেল এডুকেশন (সিএমই) প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। অ্যাপোলো ক্লিনিক ধানমন্ডির প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ৩৫০ জন বাংলাদেশি মেডিকেল শিক্ষার্থী, পোস্ট গ্র্যাজুয়েট রেসিডেন্ট এবং কনসালট্যান্ট অংশ নেন।

বিশেষায়িত অস্ত্রোপচার বিষয়ক সেশন

বিশেষায়িত অস্ত্রোপচার বিষয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে জ্ঞান বিনিময় এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়ার লক্ষ্যেই এই সিএমই প্রোগ্রামের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চারটি বিশেষ সেশন অনুষ্ঠিত হয়। এগুলো হলো—‘মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি (এমআইসিএস) অ্যান্ড রোবোটিক কার্ডিয়াক সার্জারি: স্মল ইনসিশন, বিগ ইমপ্যাক্ট’, ‘লিভিং ডোনার লিভার ট্রান্সপ্লান্টেশন (এলডিএলটি): ইনোভেশন, এথিকস অ্যান্ড আউটকাম’, ‘ইউরেথ্রাল স্ট্রিকচার: ডিসিশন মেকিং ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড’ এবং ‘অ্যাওয়েক ক্র্যানিওটমি’।

বক্তা ও অংশগ্রহণকারী বিশেষজ্ঞরা

মূল বক্তব্য উপস্থাপন করেন চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের বিশিষ্ট বিশেষজ্ঞরা। তারা হলেন— কার্ডিওথোরাসিক ও ভাস্কুলার সার্জারি বিশেষজ্ঞ ডা. মো. রেহান সায়িদ, লিভার ট্রান্সপ্লান্ট, হেপাটোবিলিয়ারি ও রোবোটিক সার্জারি বিশেষজ্ঞ ডা. এলানকুমারান কে, ইউরোলজি ও রোবোটিক সার্জারি বিশেষজ্ঞ ডা. সন্দীপ বাফনা এবং নিউরোসায়েন্স বিশেষজ্ঞ ডা. সিদ্ধার্থ ঘোষ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাপোলো ক্লিনিক ধানমন্ডির সিইও ডা. তামজিদ আলম।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অনুষ্ঠানে বাংলাদেশের খ্যাতনামা চিকিৎসা বিশেষজ্ঞরাও অংশ নেন। তাদের মধ্যে ছিলেন হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়াটিক ও লিভার ট্রান্সপ্লান্টেশন সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বিধান চন্দ্র দাস ও অধ্যাপক ডা. হাশিম রাব্বি, কার্ডিয়াক সার্জন ডা. মো. মাহবুবুর রহমান ও ডা. কামরুন নাহার, ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন ও অধ্যাপক ডা. এন. আই. ভূঁইয়া এবং নিউরোসায়েন্স বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. ফজলে এলাহী মিল্লাদ ও অধ্যাপক ডা. মো. খায়রুল কবির।

সহযোগিতা ও অর্জন

আয়োজকরা জানান, এই সিএমই প্রোগ্রাম বাংলাদেশের শীর্ষস্থানীয় হাসপাতাল ব্র্যান্ড জেএমআই স্পেশালাইজড হসপিটাল লিমিটেড এবং দক্ষিণ এশিয়ার অন্যতম স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান অ্যাপোলো হাসপাতালের মধ্যে চলমান সহযোগিতাকে আরও সুদৃঢ় করেছে।

অনুষ্ঠানে অ্যাপোলো ক্লিনিক ধানমন্ডির বিভিন্ন অর্জনও তুলে ধরা হয়। জানানো হয়, প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ১৩ হাজারের বেশি বহির্বিভাগ (ওপিডি) রোগীকে সেবা দিয়েছে। এছাড়া ১ হাজার ২০০টি অন্তঃবিভাগ (আইপিডি) সেবা এবং ৭৫০টির বেশি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেছে। সার্জিক্যাল সাইট ইনফেকশনের হারও এক শতাংশের কম বলে উল্লেখ করা হয়।

ভবিষ্যৎ পরিকল্পনা

আয়োজকদের মতে, বাংলাদেশি রোগীদের বিদেশে না গিয়েও নির্ভরযোগ্য ও বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশকে মেডিকেল ট্যুরিজমের একটি সম্ভাবনাময় গন্তব্য হিসেবে গড়ে তোলার দিকেও কাজ করছে প্রতিষ্ঠানটি।