নারীদের জন্য দেড় হাজার শয্যার দুই বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
নারীদের জন্য দেড় হাজার শয্যার দুই বিশেষায়িত হাসপাতাল নির্মাণ

দেশে নারীদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেড় হাজার শয্যার দুইটি স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার (১৪ জুন) সকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ১০ শয্যার আইসিইউ ইউনিটসহ দেশের ১০টি সরকারি হাসপাতালে নতুন আইসিইউ ইউনিটের ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

বিশেষায়িত হাসপাতালের পরিকল্পনা

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে বড় ধরনের সংস্কার পরিকল্পনার অংশ হিসেবে সারা দেশে ২০টি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। এর মধ্যে নারীদের জন্য দেড় হাজার শয্যার দুইটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। বাকি ১৮টি হাসপাতাল হবে এক হাজার শয্যার। তিনি বলেন, এসব হাসপাতালে কিডনি ডায়ালাইসিস, স্তন ও জরায়ু ক্যান্সারের চিকিৎসা, মাতৃসেবা, পুনর্বাসন এবং সাধারণ চিকিৎসাসহ আধুনিক স্বাস্থ্যসেবার ব্যবস্থা থাকবে।

অত্যাধুনিক অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, প্রতিটি হাসপাতালে পাঁচটি করে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দেওয়া হবে। পাশাপাশি জরুরি রোগী পরিবহনের জন্য চারটি হেলিকপ্টারও যুক্ত করা হবে। দেশব্যাপী স্বাস্থ্যসেবা সম্প্রসারণের অংশ হিসেবে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নারী স্বাস্থ্যকর্মী নিয়োগ

মন্ত্রী বলেন, এর মধ্যে ৮০ হাজার থাকবেন নারী স্বাস্থ্য কর্মী। তারা বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা, স্ক্রিনিং এবং প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করবেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হাসপাতালের অপরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ

এর আগে হাসপাতাল পরিদর্শনের সময় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের রান্নাঘরসহ বিভিন্ন স্থানে অস্বাস্থ্যকর পরিবেশ ও অপরিচ্ছন্নতা দেখে অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জেলা সিভিল সার্জনকে আগামী তিন দিনের মধ্যে হাসপাতালের পরিবেশ উন্নত করার নির্দেশ দেন এবং তা না হলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। এ সময় বিষয়টি তদারকির দায়িত্ব দেওয়া হয় জেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যকে।