লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় একটি ফসলি জমির মাঠ থেকে মোস্তাফিজুর রহমান (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে) সকালে উপজেলার ইছাপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীরামপুর রাজবাড়ির সামনে অবস্থিত একটি ফসলি জমিতে স্থানীয়রা মোস্তাফিজের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহতের পরিচয় ও পরিবার
নিহত মোস্তাফিজুর রহমান শ্রীরামপুর রাজবাড়ির মৃত বাচ্ছু মিয়ার ছোট ছেলে। তিনি পাঁচ বছর বয়সী এক পুত্র সন্তানের জনক। নিহতের স্ত্রী আয়েশা আক্তার মিতু জানান, ফজরের আজানের কিছুক্ষণ আগে তিনি ঘর থেকে বের হন। বের হওয়ার দীর্ঘ সময় পরেও তিনি ঘরে ফিরে আসেননি। পরে আমরা লোকমুখে জানতে পারি যে, বাড়ির অদূরে একটি মাঠে আমার স্বামী মোস্তাফিজের লাশ পড়ে আছে।
মোস্তাফিজ ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন। তবে তার শ্বশুর গত রমজান ঈদের আগে মারা গেলে তিনি গ্রামের বাড়িতে চলে আসেন। গত দুই মাস ধরে তিনি গ্রামের বাড়িতেই অবস্থান করছিলেন।
স্থানীয়দের ধারণা
স্থানীয়রা জানান, নিহত মোস্তাফিজুর রহমান নেশা ও অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। যেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, সেখানে আগে বিচ্ছিন্ন বৈদ্যুতিক তার ছিল। ধারণা করা হচ্ছে, ওই তারে জড়িয়ে তার মৃত্যু হয়েছে।
পুলিশের বক্তব্য
রামগঞ্জ থানা পুলিশের ওসি ফিরোজ উদ্দীন চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মরদেহের হাতে বিদ্যুতের তার জড়ানো ছিল এবং হাতের তালু পুড়ে যাওয়ার আলামত পাওয়া গেছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



