বসতভিটা বিক্রি করে ক্যানসারের চিকিৎসা, ১৫ লাখ টাকা প্রয়োজন নুরুন্নাহারের
বসতভিটা বিক্রি করে ক্যানসারের চিকিৎসা, দরকার ১৫ লাখ টাকা

আশুলিয়ার বাসিন্দা নুরুন্নাহার বেগম মেরুদণ্ডের ক্যানসারের চিকিৎসার জন্য নিজের শেষ সম্বল, একমাত্র বসতভিটা বিক্রি করে দিয়েছেন। স্বামী নেই, সংসারের একমাত্র উপার্জনক্ষম ছেলে ফাহিম এসএসসি পাসের পর উচ্চশিক্ষার স্বপ্ন ত্যাগ করে মায়ের চিকিৎসার খরচ জোগাতে কাজে নেমেছেন। বর্তমানে প্রায় ১৫ লাখ টাকার অভাবে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটাচ্ছেন নুরুন্নাহার।

বসতভিটা বিক্রি করে ভাড়া বাসায়

একসময় আশুলিয়ার গৌরীপুরে নিজের একটি ছোট্ট বাড়ি ছিল নুরুন্নাহারের। স্বামীকে হারানোর পর সেই বাড়িটিই ছিল শেষ আশ্রয়। কিন্তু মেরুদণ্ডে ক্যানসার ধরা পড়ার পর চিকিৎসার ব্যয় মেটাতে বাধ্য হয়ে বসতভিটাটি বিক্রি করে দিতে হয়েছে। বর্তমানে আশুলিয়ার চারাবাগ এলাকার কিংস হাউজিংয়ের একটি ভাড়া বাসায় দিন কাটছে তার। শারীরিক যন্ত্রণার পাশাপাশি চিকিৎসার অর্থ জোগাড় করতে না পারার অসহায়ত্ব প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছে পরিবারটিকে।

ছেলের স্বপ্ন বিসর্জন

নুরুন্নাহারের একমাত্র ছেলে ফাহিম এসএসসি পাসের পর উচ্চশিক্ষার স্বপ্ন দেখছিলেন। কিন্তু মায়ের অসুস্থতার কারণে সেই স্বপ্ন ত্যাগ করে জীবিকার সন্ধানে নামতে হয় তাকে। সীমিত আয়ে সংসার ও চিকিৎসার ব্যয় সামলানো তার পক্ষে সম্ভব হচ্ছে না।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জরুরি তিনটি অস্ত্রোপচার প্রয়োজন

চিকিৎসকদের মতে, নুরুন্নাহারের সুস্থতার জন্য জরুরি ভিত্তিতে তিনটি অস্ত্রোপচার প্রয়োজন। এ জন্য প্রায় ১৫ লাখ টাকা প্রয়োজন। মায়ের জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন ছেলে ফাহিম ও তার স্ত্রী। তাদের আকুতি, 'আমাদের মাকে বাঁচিয়ে দিন।'

প্রতিবেশীদের আবেদন

প্রতিবেশীরাও জানান, চিকিৎসার ব্যয় মেটাতে সর্বস্ব হারিয়ে এখন মানবেতর জীবনযাপন করছে পরিবারটি। তারা সরকার, জনপ্রতিনিধি এবং সমাজের সামর্থ্যবান মানুষের সহযোগিতা কামনা করেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সরকারি সহায়তার আশ্বাস

এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, 'ক্যানসার রোগীদের জন্য সরকারি অনুদানের ব্যবস্থা রয়েছে। নুরুন্নাহার আবেদন করলে সরকারি সহায়তার ব্যবস্থা করার চেষ্টা করা হবে।' পাশাপাশি সমাজের বিত্তবানদেরও মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।