ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামে আক্রান্ত হয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ জনে।
শিশুটির মৃত্যু ও চিকিৎসা
রোববার (২৪ মে) বিকালে ওই শিশুর মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, হামের উপসর্গ নিয়ে গত ১৩ মে রাতে ময়মনসিংহ সদরের ১১ মাস বয়সি ওই শিশু হাসপাতালে ভর্তি হয়। শিশুটির হাম ছাড়াও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা।
আইসোলেশন ওয়ার্ডের পরিস্থিতি
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ১৪ জন শিশু ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে আটজন শিশু বাড়ি ফিরে গেছে। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৭৭ জন শিশু।
সামগ্রিক পরিসংখ্যান
তথ্য অনুযায়ী, গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট এক হাজার ৫৯০ জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক হাজার ৪৭৯ জন শিশু।



