জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই গণঅভ্যুত্থান চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলায় দণ্ডিত নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে দেওয়া শাস্তি পুনর্বিবেচনা করে কয়েকজনকে অব্যাহতি দিয়েছে এবং কয়েকজনের শাস্তির মেয়াদ কমিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভায় দণ্ডিতদের আপিলের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
শাস্তি পুনর্বিবেচনার বিস্তারিত
উপাচার্য বলেন, আপিলের পরিপ্রেক্ষিতে মোট ৪৩ জন শিক্ষার্থীর বিরুদ্ধে দেওয়া শাস্তিমূলক সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়েছে। এর মধ্যে স্থায়ী বহিষ্কার হওয়া ২১ শিক্ষার্থীর মধ্যে পাঁচজনকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া আটজনের স্থায়ী বহিষ্কারাদেশ কমিয়ে দুই বছর এবং পাঁচজনের স্থায়ী বহিষ্কারাদেশ কমিয়ে এক বছর করা হয়েছে। বাকি তিনজনের ক্ষেত্রে পূর্বের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।
সনদ বাতিলের সিদ্ধান্ত
উপাচার্য জানান, সনদ বাতিলসংক্রান্ত ১২টি সিদ্ধান্তও পুনর্বিবেচনা করা হয়েছে। এর মধ্যে পাঁচজনকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। চারজনের এক বছরের এবং তিনজনের দুই বছরের জন্য সনদ বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।
এছাড়াও অভিযোগ, আপিল এবং সংশ্লিষ্ট নথিপত্র বিবেচনা করে কোথাও শাস্তি হ্রাস করা হয়েছে, আবার কোথাও পূর্বের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।
নামের তালিকা প্রকাশ
দণ্ড পুনর্বিবেচনা করা শিক্ষার্থীদের নামের তালিকা সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সিন্ডিকেট সচিব বলেন, বিস্তারিত তালিকা এখনো হাতে পাইনি। সংশ্লিষ্ট শাখা থেকে পেলে তা নিশ্চিত করে জানানো সম্ভব হবে।



