বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন আগামী শনিবার (১১ জুলাই) ২০২৬ সালের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত করা হয়েছে।
সিদ্ধান্তের কারণ ও পটভূমি
শুক্রবার (১০ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ সিদ্ধান্তের কথা জানায়। এর আগে গত ৮ জুলাই একই কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ওই সব পরীক্ষা স্থগিত করা হয়েছিল।
আদেশের বিস্তারিত
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা অফিস আদেশে বলা হয়, বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলা প্রশাসকের প্রতিবেদন এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের পরীক্ষা স্থগিতের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আদেশে আরও বলা হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ড (সকল জেলা) এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আগামী শনিবারের (১১ জুলাই) ২০২৬ সালের এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত করা হলো।
অন্যান্য শিক্ষা বোর্ডের পরীক্ষা
অন্যান্য শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (চট্টগ্রাম বোর্ডের অধীন জেলা ব্যতীত) অন্যান্য জেলার উক্ত তারিখের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে।



