বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) আগামী ২৪ ঘণ্টায় দেশের আটটি বিভাগেই ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা সম্পর্কে সতর্ক করেছে।
বৃষ্টিপাতের পরিমাণ ও সম্ভাব্য প্রভাব
শুক্রবার বিএমডি’র এক বুলেটিনে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু অংশে শুক্রবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ হতে পারে। বুলেটিনে বলা হয়, ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত হতে পারে, এবং কিছু স্থানে ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বর্ষণ হতে পারে।
ভারী বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কিছু অংশে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে এবং চট্টগ্রাম বিভাগের কিছু পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করা হয়েছে।
লঘুচাপ ও মৌসুমি বায়ুর অবস্থা
আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে উত্তর-মধ্য উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং এটি আরও দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, লঘুচাপের কেন্দ্র, বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের মধ্যাঞ্চল ও আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার একটি শাখা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত।
বুলেটিন অনুযায়ী, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা শক্তিশালী অবস্থায় রয়েছে। বিএমডি আরও জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।



