আবু মুআবিয়া ইসমাইল কামদার রচিত ‘টাইম ম্যানেজমেন্ট’ বই নিয়ে পাঠচক্রের আসর করেছে গাজীপুর বন্ধুসভা। ২০ জুন বিকেলে প্রথম আলো গাজীপুর অফিসের বন্ধুসভা কক্ষে এটি অনুষ্ঠিত হয়। পাঠচক্র শেষে সাংগঠনিক সভায় অংশ নেন বন্ধুরা।
পাঠচক্রে সময় ব্যবস্থাপনার গুরুত্ব
শুরুতেই পাঠ আলোচনায় সঞ্চালক বন্ধু মারুফ আল গালিব বলেন, বর্তমান ব্যস্ত জীবনে সময়ের সঠিক ব্যবহার আমাদের সবার জন্য একটি বড় চ্যালেঞ্জ। ‘টাইম ম্যানেজমেন্ট’ বইটি এ সমস্যার বাস্তবসম্মত ও কার্যকর সমাধান তুলে ধরেছে। বইটিতে সময়কে শুধু কাজ সম্পন্ন করার মাধ্যম হিসেবে নয়; বরং মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে উপস্থাপন করা হয়েছে।
বইটির বৈশিষ্ট্য ও ইসলামি দৃষ্টিভঙ্গি
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, বইটির অন্যতম ভালো দিক হলো লেখকের সহজ ও সাবলীল উপস্থাপন। লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন, কাজের অগ্রাধিকার ঠিক করা, আলস্য দূর করা, মনোযোগ ধরে রাখা, প্রযুক্তির সঠিক ব্যবহার এবং কার্যকর অভ্যাস গড়ে তোলার বিষয়গুলো ধাপে ধাপে আলোচনা করা হয়েছে। পাশাপাশি ইসলামি দৃষ্টিকোণ থেকে সময়ের মূল্য ও দায়িত্ববোধের বিষয়টিও সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, যা বইটিকে অন্যান্য টাইম ম্যানেজমেন্ট–বিষয়ক বই থেকে আলাদা করেছে।
সভাপতির মতামত
সভাপতি বাবুল ইসলাম বলেন, ‘আমার কাছে বইটি তথ্যবহুল ও অনুপ্রেরণাদায়ক মনে হয়েছে। যাঁরা সময়ের অপচয় কমিয়ে নিজেদের আরও শৃঙ্খলাবদ্ধ ও উৎপাদনশীল করতে চান, তাঁদের জন্য এটি একটি কার্যকর গাইড হিসেবে কাজ করবে। “টাইম ম্যানেজমেন্ট” বইটি শুধু সময় ব্যবস্থাপনা শেখায় না; বরং সময়কে মূল্য দিয়ে একটি সুন্দর ও ভারসাম্যপূর্ণ জীবন গড়ে তোলার দিকনির্দেশনাও দেয়। সব বয়সী মানুষের জন্য বইটি প্রযোজ্য। সময়কে সঠিকভাবে কাজে লাগানোর জন্য প্রত্যেকের অন্তত একবার হলেও বইটি পড়া উচিত।’
সাংগঠনিক সভায় আলোচিত বিষয়
পরে সাংগঠনিক সভায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন, ফল উৎসব, জাতীয় গণিত কার্নিভ্যালসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
উপস্থিত সদস্যবৃন্দ
এ সময় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি আশিকুল ইসলাম খান, সহসাংগঠনিক সম্পাদক মনসুরুল হক মৃদুল, দপ্তর সম্পাদক মারফুয়া আহমেদ, অর্থ সম্পাদক সামিউল ইসলাম, প্রচার সম্পাদক টুটুল শিকদার, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক তানিয়া আক্তার, সাংস্কৃতিক সম্পাদক আফরা আনজুম, কার্যনির্বাহী সদস্য ইয়াকিনুর ইসলাম ভূঁইয়া, বন্ধু ইমরুল কায়সারসহ অনেকে।



