ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার (১২ জুলাই) বেলা তিনটায় রাজধানীর সাতটি সরকারি কলেজে একযোগে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ১৭ জুলাই
এ ছাড়া বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ১৭ জুলাই যথাক্রমে বেলা ১১টা ও ৩টায় অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার (১১ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আবেদনকারীর সংখ্যা ও আসন
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে মোট ১১ হাজার ২৯০টি আসনের বিপরীতে ৬১ হাজার ৩০১ শিক্ষার্থী আবেদন করেছেন। কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের পরীক্ষা দিয়ে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে।
পরীক্ষার কেন্দ্রসমূহ
ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. শহীদুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, পরীক্ষার্থীদের যথাসময়ে কেন্দ্রে উপস্থিত হয়ে প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।



