ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে দেশের শিক্ষা খাতেও দ্রুত পরিবর্তন আসছে। শিক্ষার্থী ও অভিভাবকেরা এখন ঘরে বসেই প্রয়োজনীয় শিক্ষাসেবা পাওয়ার সুযোগ খুঁজছেন। ব্যস্ত নগরজীবন, দক্ষ শিক্ষকের সংকট ও সময় সাশ্রয়ের প্রয়োজনীয়তার কারণে অনলাইনভিত্তিক টিউশনের সেবা ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। এই খাতকে আরও সুসংগঠিত ও দীর্ঘমেয়াদি শিল্পে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করছে দেশের অনলাইন টিউশন প্রতিষ্ঠান কেয়ারটিউটরস।
১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সম্প্রতি প্রতিষ্ঠানটির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কেয়ারটিউটরসের উদ্যোক্তা, শুভানুধ্যায়ী ও কর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসুদ পারভেজ বলেন, এত দিন টিউশন ব্যবস্থাকে দেশব্যাপী পরিচিত করা ও এ খাতকে একটি প্রাতিষ্ঠানিক শিল্পে রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখন তাঁদের লক্ষ্য, এটিকে টেকসই, গোছানো ও নিরাপদ শিল্পে পরিণত করা।
অনলাইন শিক্ষার গুরুত্ব
মাসুদ পারভেজ বলেন, ‘অনলাইন শিক্ষা ও টিউশন–সেবা এখন আর বিকল্প কোনো ব্যবস্থা নয়; বরং শিক্ষাব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। আমরা চাই, প্রযুক্তিনির্ভর এই সেবা আরও কার্যকর ও দীর্ঘস্থায়ী হোক।’
সেবা বিস্তার ও টিউটর সংখ্যা
বর্তমানে কেয়ারটিউটরস দেশের সব বিভাগীয় শহরের পাশাপাশি সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লায় সেবা দিচ্ছে। প্রতিষ্ঠানটির তথ্যমতে, তাদের প্ল্যাটফর্মে পাঁচ লাখের বেশি টিউটর যুক্ত আছেন। মোবাইল অ্যাপের মাধ্যমে একাডেমিক শিক্ষা ছাড়া অঙ্কন, ধর্মীয় শিক্ষা, ভাষা শিক্ষা ও বিভিন্ন দক্ষতা উন্নয়নসহ ১৪টি শ্রেণিতে টিউটর খুঁজে পাওয়া যায়।
ভবিষ্যৎ পরিকল্পনা
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মাসুদ পারভেজ বলেন, ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে নতুন কয়েকটি সুবিধা নিয়ে কাজ চলছে। এসব সুবিধা চালু হলে শিক্ষার্থী, অভিভাবক ও টিউটররা আরও সহজ ও দ্রুত সেবা পাবেন।



