পাবনায় বন্ধুসভার মুক্তিযুদ্ধ অলিম্পিয়াডে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়েছে
নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, তাৎপর্য ও মূল্যবোধ ছড়িয়ে দিতে পাবনায় অনুষ্ঠিত হয়েছে ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬’। ২৭ মার্চ সকাল ১১টায় পাবনা প্রেসক্লাব ভিআইপি অডিটোরিয়ামে এই অলিম্পিয়াডের আয়োজন করে পাবনা বন্ধুসভা। এতে জেলা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
মুক্তিযুদ্ধভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন
অলিম্পিয়াডে মুক্তিযুদ্ধভিত্তিক ৩০টি বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নির্ধারিত ২০ মিনিট সময়ের এ পরীক্ষায় শিক্ষার্থীরা তাদের মেধার স্বাক্ষর রাখে। পরীক্ষা শেষে বন্ধুসভার সদস্যরা উত্তরপত্র মূল্যায়ন করেন।
বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণা ও বক্তব্য
ফলাফল ঘোষণার পূর্বে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করে বক্তব্য দেন পাবনার দুই বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম ও ইসমত আলী। বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম তাঁর বক্তব্যে বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় আমাদের কাছে ভারী কোনো অস্ত্র ছিল না। তবে মনোবল ছিল। কঠোর মনোবল আর কাঠের রাইফেল নিয়ে আমরা যুদ্ধ করেছি। পরাস্ত করেছি হানাদার বাহিনীকে। এখন দেশ গঠনে নতুন প্রজন্মকে মনোবল নিয়ে মাঠে নামতে হবে। সব অপশক্তি রুখে দিয়ে দেশটাকে সুন্দর ও সুশৃঙ্খল করতে হবে। তবেই মুক্তিযুদ্ধের সঠিক লক্ষ্যে পৌঁছানো যাবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথিদের উপস্থিতি
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান আক্তার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সভাপতি এ বি এম ফজলুর রহমান এবং বন্ধুসভার উপদেষ্টা অধ্যাপক আবদুল খালেক মিঠু। প্রথম আলো পাবনা প্রতিনিধি সরোয়ার মোর্শেদ উল্লাসের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা বন্ধুসভার সভাপতি রাশিদুল ইসলাম। বন্ধুসভার সদস্য নাহিদুজ্জামান নাহিদের সঞ্চালনায় বক্তারা বলেন, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে এবং তাদের মধ্যে অসাম্প্রদায়িক চেতনা গড়ে তুলবে।
বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
আলোচনা সভা শেষে অলিম্পিয়াডে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উত্তরপত্র মূল্যায়নের মাধ্যমে ১৩ জনকে বিজয়ী নির্বাচিত করা হয়। এর মধ্যে:
- কলেজ পর্যায়ে শহীদ বুলবুল সরকারি কলেজের শামীম উদ্দিন প্রথম, সরকারি এডওয়ার্ড কলেজের শাহরিয়ার হোসেন দ্বিতীয় এবং শহীদ বুলবুল সরকারি কলেজের আতকিয়া ফারজানা, মিতুসি ইসলাম ও সোহানুর রহমান এবং সরকারি এডওয়ার্ড কলেজের রোজোয়ানুল ইসলাম যৌথভাবে তৃতীয় হয়েছেন।
- মাধ্যমিক পর্যায়ে পাবনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের রিফাত খান প্রথম, একই স্কুলের তাজকিয়াতুন মাইশা দ্বিতীয় এবং যৌথভাবে মনোহরপুর ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়ের আলিফ হোসেন, পাবনা জেলা স্কুলের মেহযাদ যুবায়েদ, ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়ের তাসফিয়া তাবাচ্ছুম ও আতিকা আলো তৃতীয় হয়েছে।
- প্রাথমিকে বিজয়ী হয়েছে ব্র্যাক প্রাথমিক বিদ্যালয়ের আয়েশা খাতুন।
অনুষ্ঠানের পর বিজয়ী শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে বই তুলে দেন অতিথিরা। এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।



