এএফএমআইতে বিএসসি ইন নার্সিং কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু
২০২৫–২৬ শিক্ষাবর্ষে আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট (এএফএমআই) প্রথম বর্ষে চার বছরের বিএসসি ইন নার্সিং (১৮তম ব্যাচ) কোর্সে ছাত্রী ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা, যা অফেরতযোগ্য হিসেবে বিবেচিত হবে।
ভর্তি পরীক্ষার সময়সূচি ও পদ্ধতি
ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এএফএমআইয়ের ওয়েবসাইট থেকে ১ থেকে ৫ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত ডাউনলোড করা যাবে। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৬ মার্চ ২০২৬, শুক্রবার, সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত। পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্ধারিত হয়েছে শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল। নির্বাচন প্রক্রিয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ এবং ১ ঘণ্টার এমসিকিউ পরীক্ষার ফলাফলের সমন্বয় বিবেচনা করা হবে।
যোগ্যতা ও সুযোগ-সুবিধা
আবেদনকারীকে অবশ্যই ১৭ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে এবং বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। নির্ধারিত উচ্চতা, ওজন ও বুকের মাপের যোগ্যতা পূরণ করতে হবে, পাশাপাশি আবেদনকারীকে অবিবাহিত হতে হবে। নির্বাচিত শিক্ষার্থীরা এএফএমআইয়ের নির্ধারিত বাসস্থানে বিনা মূল্যে আবাসন ও আহারের সুবিধা পাবেন। তবে অধ্যায়নকালে প্রতিষ্ঠানের নির্ধারিত নিয়মশৃঙ্খলা অনুসরণ করতে হবে।
মেধা তালিকা নির্ধারণের পদ্ধতি
চূড়ান্ত মেধা তালিকা নির্ধারণে নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করা হবে:
- এসএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ৫ গুণিতক = ২৫ নম্বর (সর্বোচ্চ)
- এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ৫ গুণিতক = ২৫ নম্বর (সর্বোচ্চ)
- এমসিকিউ পরীক্ষা = ১০০ নম্বর
সর্বমোট নম্বর হবে ১৫০, যা (২৫+২৫+১০০) হিসাবে গণনা করা হবে।
সংরক্ষিত আসন ও গুরুত্বপূর্ণ নির্দেশনা
পশ্চাৎপদ জনগোষ্ঠীর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী) জন্য মোট আসনের শতকরা ১ ভাগ সংরক্ষিত থাকবে। তবে সংরক্ষিত আসনে প্রার্থী পাওয়া না গেলে সাধারণ মেধাক্রমের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি-সংক্রান্ত যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। নির্বাচিত শিক্ষার্থীদের দেওয়া তথ্য অসম্পূর্ণ, মিথ্যা বা ভুল প্রমাণিত হলে তাঁর ভর্তি বাতিল করা হতে পারে।
আবেদনসংক্রান্ত নীতিমালা এএফএমআইয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে কোনো জটিলতা দেখা দিলে সশরীরে এএফএমআই এসে আবেদন করা যাবে। বিস্তারিত তথ্য ও আবেদন করার জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হচ্ছে।
