বিশ্ব বর্তমানে চতুর্থ শিল্পবিপ্লবের মধ্য দিয়ে অতিক্রম করছে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন এবং ডিজিটাল রূপান্তর উন্নয়ন ও প্রতিযোগিতার নতুন মানদণ্ড তৈরি করেছে। এই প্রযুক্তিনির্ভর পরিবর্তন শুধু শিল্প ও ব্যবসায় নয়, শিক্ষা, গবেষণা, স্বাস্থ্য, প্রশাসন এবং নীতিনির্ধারণের ক্ষেত্রেও গভীর প্রভাব ফেলছে। ফলে উচ্চশিক্ষা এখন আর কেবল ডিগ্রি অর্জনের মাধ্যম নয়; বরং এটি ভবিষ্যৎ দক্ষতা, উদ্ভাবন এবং জ্ঞানভিত্তিক অর্থনীতির মূল চালিকাশক্তি হয়ে উঠছে।
বাংলাদেশের জন্য সম্ভাবনা ও চ্যালেঞ্জ
বাংলাদেশের জন্য এই বাস্তবতা একইসঙ্গে সম্ভাবনা ও চ্যালেঞ্জের। বিশ্বের বিভিন্ন দেশ যখন এআই-নির্ভর শিক্ষা ও গবেষণায় দ্রুত অগ্রসর হচ্ছে, তখন বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকেও সময়োপযোগী ও প্রযুক্তিসম্পন্ন রূপান্তরের পথে এগোতে হবে। অন্যথায় বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার ঝুঁকি তৈরি হবে।
এআই: কী এবং কেন গুরুত্বপূর্ণ
সহজভাবে বলতে গেলে, মানুষের মতো চিন্তা করা, শেখা, বিশ্লেষণ করা এবং সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা কম্পিউটারকে শেখানোর নামই কৃত্রিম বুদ্ধিমত্তা। বর্তমানে এআই এমন এক প্রযুক্তি, যা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে চিকিৎসাবিজ্ঞান, গবেষণা, ব্যবসা ব্যবস্থাপনা এবং শিক্ষা—প্রায় প্রতিটি ক্ষেত্রেই নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, কনটেন্ট তৈরি, গবেষণা সহায়তা কিংবা প্রশাসনিক কাজ—সব ক্ষেত্রেই এআই সময় ও শ্রম কমিয়ে দক্ষতা বাড়াচ্ছে।
তবে এআইকে শুধু ‘মানুষের বিকল্প’ হিসেবে দেখলে ভুল হবে। বাস্তবতা হলো, এআই মানুষকে পুরোপুরি প্রতিস্থাপন করবে না; বরং যারা প্রযুক্তি ও দক্ষতার পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে পারবে না, তারাই পিছিয়ে পড়বে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফিউচার অব জবস রিপোর্ট ২০২৫ অনুযায়ী, আগামী দশকে প্রযুক্তিগত পরিবর্তনের ফলে বিশ্বে প্রায় ১৭ কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি হতে পারে, যদিও কিছু প্রচলিত চাকরি বিলুপ্তও হবে। একইসঙ্গে ভবিষ্যতের কর্মক্ষেত্রে এআই, ডাটা অ্যানালিটিকস, সাইবার সিকিউরিটি, প্রযুক্তিগত সাক্ষরতা, সৃজনশীল চিন্তা এবং সমস্যা সমাধানের দক্ষতার গুরুত্ব আরও বাড়বে।
উচ্চশিক্ষায় এআই-এর প্রভাব
এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়ছে উচ্চশিক্ষা খাতে। বর্তমানে বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয়ে এআই-অ্যাসিস্টেড লার্নিং, স্মার্ট ক্লাসরুম, ভার্চুয়াল ল্যাব, অ্যাডাপটিভ লার্নিং সিস্টেম এবং ডিজিটাল লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (ডিএলএমএস) ব্যবহৃত হচ্ছে। শিক্ষার্থীর শেখার ধরন, দুর্বলতা এবং অগ্রগতি বিশ্লেষণ করে ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা দেওয়ার ক্ষেত্রেও এআই কার্যকর ভূমিকা রাখছে। গবেষণায় ডাটা অ্যানালাইসিস, সিমুলেশন, ভাষান্তর এবং তথ্য যাচাইয়ের মতো কাজও এখন অনেক দ্রুত করা সম্ভব হচ্ছে।
এআই লিটারেসি: নতুন যুগের মৌলিক দক্ষতা
বিশ্বের শিক্ষা বিশেষজ্ঞরা এখন ‘এআই লিটারেসিকে’ নতুন যুগের মৌলিক দক্ষতা হিসেবে বিবেচনা করছেন। ইউনেস্কোর গাইড্যান্স ফর জেনারেটিভ এআই ইন এডুকেশন অ্যান্ড রিসার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এআই ব্যবহারের ক্ষেত্রে মানবিক মূল্যবোধ, তথ্যের গোপনীয়তা, নৈতিকতা এবং শিক্ষাগত স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। একইসঙ্গে শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহারে প্রশিক্ষিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশের তরুণদের সম্ভাবনা
বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই দেশের এআই ট্রান্সফরমেশনের সবচেয়ে বড় শক্তি হতে পারে। সঠিক দিকনির্দেশনা, আধুনিক গবেষণাগার, আপডেটেড কারিকুলাম এবং ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন নিশ্চিত করা গেলে বাংলাদেশের তরুণরা আন্তর্জাতিক পর্যায়ে উদ্ভাবন, গবেষণা এবং প্রযুক্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
বিশেষ করে স্মার্ট এগ্রিকালচার, হেলথকেয়ার সল্যুশন, বাংলা ভাষাভিত্তিক এআই মডেল, ফিনটেক, সাইবার সিকিউরিটি, রোবোটিকস এবং ডাটা সায়েন্সে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে দেশের তরুণরা ফ্রিল্যান্সিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং স্টার্টআপ ইকোসিস্টেমে নিজেদের সক্ষমতার পরিচয় দিচ্ছে। এখন প্রয়োজন সেই দক্ষতাকে গবেষণা, উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়নের সঙ্গে যুক্ত করা।
চ্যালেঞ্জ ও সমাধান
তবে প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে সঙ্গে কিছু গুরুতর চ্যালেঞ্জও সামনে আসছে। বর্তমানে ডিপফেক ভিডিও, ভুয়া তথ্য, এআই-নির্ভর প্রতারণা, সাইবার ক্রাইম এবং তথ্য অপব্যবহার বৈশ্বিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিপুল পরিমাণ শিক্ষার্থী ও গবেষণা তথ্য ডিজিটাল প্ল্যাটফর্মে সংরক্ষিত হওয়ায় সাইবার সিকিউরিটি এবং ডাটা প্রোটেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নিরাপদ সার্ভার, তথ্য সুরক্ষা নীতি, সাইবার সচেতনতা এবং শক্তিশালী ডিজিটাল গভর্ন্যান্স ছাড়া টেকসই ডিজিটাল শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়।
মূল্যায়ন পদ্ধতির পরিবর্তন
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো—এআই ব্যবহারের কারণে মূল্যায়ন পদ্ধতি ও একাডেমিক সততা নতুনভাবে ভাবতে হচ্ছে। শুধু মুখস্থনির্ভর পরীক্ষা বা প্রচলিত অ্যাসাইনমেন্ট ভবিষ্যতের শিক্ষাব্যবস্থার জন্য যথেষ্ট হবে না। বিশ্ববিদ্যালয়গুলোকে এখন এমন মূল্যায়ন পদ্ধতির দিকে যেতে হবে, যেখানে সৃজনশীলতা, বিশ্লেষণী ক্ষমতা, বাস্তব সমস্যা সমাধান এবং গবেষণাভিত্তিক দক্ষতার মূল্যায়ন করা হবে। আন্তর্জাতিক পর্যায়ে ইতোমধ্যে ‘এআই-অ্যাসিস্টেড অ্যাসেসমেন্ট’ এবং ‘রেসপন্সিবল এআই ইউজ’ নিয়ে নতুন নীতিমালা প্রণয়ন শুরু হয়েছে।
সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা
বাংলাদেশকে এআই-নির্ভর ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হলে এখন থেকেই সমন্বিত উদ্যোগ নিতে হবে। স্কুল পর্যায় থেকেই কোডিং, ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ডিজিটাল লিটারেসি এবং এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের মতো দক্ষতা শিক্ষার্থীদের শেখানোর ব্যবস্থা করতে হবে। পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ, সমালোচনামূলক চিন্তা এবং দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহারের ওপরও সমান গুরুত্ব দিতে হবে।
সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা সহযোগিতা, ইনোভেশন ল্যাব, স্টার্টআপ ইনকিউবেশন সেন্টার এবং এআই রিসার্চ ফান্ডিং বৃদ্ধি এখন সময়ের দাবি। ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট, আন্তর্জাতিক গবেষণা অংশীদারিত্ব এবং ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ শক্তিশালী না হলে কেবল প্রযুক্তি আমদানির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব হবে না।
মানবিক উন্নয়নে প্রযুক্তি
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রযুক্তিকে মানবিক উন্নয়নের সহায়ক শক্তি হিসেবে ব্যবহার করা। এআই যেন বৈষম্য, তথ্য অপব্যবহার বা সামাজিক অস্থিরতার কারণ না হয়, সে জন্য নীতিনির্ধারক, শিক্ষাবিদ, প্রযুক্তিবিদ এবং সমাজের সব অংশীজনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
পরিশেষে বলা যায়, এআই এবং ডিজিটাল রূপান্তর আমাদের জন্য শুধু প্রযুক্তিগত পরিবর্তন নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মকে বৈশ্বিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত করার একটি রোডম্যাপ। যদি আমরা সময়োপযোগী শিক্ষা, গবেষণা, ডিজিটাল অবকাঠামো, নৈতিক প্রযুক্তি ব্যবহার এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের ওপর গুরুত্ব দিতে পারি, তাহলে বাংলাদেশের তরুণরাই ভবিষ্যতের জ্ঞানভিত্তিক অর্থনীতির নেতৃত্ব দিতে সক্ষম হবে। প্রযুক্তিকে মানুষের কল্যাণে ব্যবহার করাই হওয়া উচিত আমাদের মূল লক্ষ্য।



