দেশের উচ্চশিক্ষা খাতে ভবিষ্যৎ পরিকল্পনা ও দিকনির্দেশনা দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করবেন। সোমবার (১১ মে) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠান
প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ১০টায় কর্মশালার উদ্বোধন করবেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। সভাপতিত্ব করবেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। অনুষ্ঠানে অংশ নেবেন শিক্ষাবিদ, মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, ইউজিসি সদস্য, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, নীতিপ্রণেতা, সিনিয়র সরকারি কর্মকর্তা, শিক্ষক, গবেষক, শিল্পখাতের প্রতিনিধি ও উন্নয়ন-সংশ্লিষ্ট অংশীজনরা।
টেকনিক্যাল অধিবেশন
উদ্বোধনী পর্বের পর পাঁচটি টেকনিক্যাল অধিবেশন অনুষ্ঠিত হবে। এসব অধিবেশনে গ্রাজুয়েটদের কর্মসংযোগযোগ্যতা, সফট স্কিল উন্নয়ন ও চাহিদাভিত্তিক শিক্ষা; শিল্প-একাডেমিয়া সহযোগিতা এবং বৈশ্বিক প্রতিযোগিতা; ডিজিটাল রূপান্তর, ডিজিটাল সাক্ষরতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন; শিক্ষকদের দক্ষতা উন্নয়ন, গবেষণায় উৎকর্ষ ও আন্তর্জাতিকীকরণ; এবং গভর্ন্যন্স, মান নিশ্চিতকরণ ও প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়ে আলোচনা ও সুপারিশ প্রণীত হবে।
নীতিগত পথনকশা
কর্মশালার অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে উচ্চশিক্ষা উন্নয়নে বাস্তবায়নযোগ্য নীতিগত পথনকশা প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, “উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন এবং আন্তর্জাতিক মানের দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া এটি উচ্চশিক্ষা নিয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা ও দিকনির্দেশনার ক্ষেত্রে সহায়ক হবে।”
সমাপনী অনুষ্ঠান
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম বদরুজ্জামান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটি তার প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি। সংবাদ সম্মেলনে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ কর্মশালার লক্ষ্য-উদ্দেশ্য ও প্রস্তুতি তুলে ধরেন। এ সময় কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মো. সাইদুর রহমান, অধ্যাপক ড. মাছুমা হাবিব ও অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম উপস্থিত ছিলেন।



