শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শিক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে যাবে। সোমবার (১১ মে) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে পাকিস্তান-বাংলাদেশ জ্ঞান বিনিময় করিডোর উদ্বোধন ও এডুকেশন এক্সপো ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
স্কলারশিপ ও শিক্ষা বিনিময়
পাকিস্তান সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এটি দুই দেশের শিক্ষা সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। তিনি আরও বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষা ও সাংস্কৃতিক পরিবেশ প্রায় একই ধরনের। তাই ভবিষ্যতে দুই দেশের মধ্যে শিক্ষা ব্যবস্থাপনার এই বিনিময় কার্যক্রম আরও বিস্তৃত হবে।
বিশ্ববিদ্যালয় ও শিক্ষামেলা
শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের ১১৬টি বিশ্ববিদ্যালয় আছে, আরও বেশ কিছু আসার পথে। এর মধ্যে ৫৭টি বিশ্ববিদ্যালয় ভালো করছে। তিনি পাকিস্তানের সঙ্গে শিক্ষা ও জ্ঞান বিনিময়ের অংশ হিসেবে শিক্ষামেলার আয়োজনকে সমর্থন করেন। এটা বাংলাদেশের জন্য খুবই ভালো হবে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, পাকিস্তান পরীক্ষা নেবে এবং যোগ্যরা পড়াশোনার সুযোগ পাবেন। তিনি বাংলাদেশের শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষায় অংশ নেওয়ার ব্যাপারে অনুপ্রাণিত করেন। পাকিস্তানের কিছু খুবই ভালো মানের বিশ্ববিদ্যালয় রয়েছে। বাংলাদেশ সরকার এ ব্যাপারে পূর্ণ সহযোগিতা দেবে। এছাড়া বিনামূল্যে উচ্চশিক্ষা নেওয়ারও সুযোগ রয়েছে। আল্লামা ইকবাল স্কলারশিপ খুবই সফল হবে বলে তিনি প্রত্যাশা করেন।



